নেত্রকোণার বারহাট্টায় বর্গাচাষের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার ছয়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের আব্দুল হেকিমের ছেলে। বারহাট্টা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাদির আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্গাচাষের জমি নিয়ে রফিকুল ইসলামের সঙ্গে তার চাচাতো ভাই আবুল ও হেলিমের বিরোধ চলছিল।
এর জের ধরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় রফিকুল ইসলাম মাথায় আঘাত পেয়ে মাটিতে পড়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে রফিকুল ইসলামের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন ছিল না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নিহতের স্বজনরা জানান, কয়েক বছর আগে অন্য একটি ঘটনায় রফিকুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। যথাযথ চিকিৎসা না হওয়ায় ওই আঘাত পুরোপুরি সেরে ওঠেনি। বৃহস্পতিবারের সংঘর্ষের সময় একই স্থানে ফের আঘাত পাওয়ার পর তিনি মাটিতে পড়ে যান। এ বিষয়ে বারহাট্টা থানার এসআই মো. কাদির আলী বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। রফিকুল ইসলামের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
