নেপাল-তিব্বত সীমান্তে স্থগিত উদ্ধারকাজ পুনরায় শুরু করলো চীন

আবারও বন্যার আশঙ্কা

নেপাল-তিব্বত সীমান্তে স্থগিত উদ্ধারকাজ পুনরায় শুরু করলো চীন

ফন্ট সাইজ:

নেপাল ও তিব্বত সীমান্তে সৃষ্ট নতুন একটি হ্রদ বা ব্যারিয়ার লেক ফেটে গিয়ে দ্বিতীয় দফায় ভয়াবহ বন্যার আশঙ্কায় সেখানে উদ্ধারকাজ স্থগিত করেছিল চীন কর্তৃপক্ষ। তবে পরবর্তীতে হ্রদের পানির স্তর সামান্য হ্রাসের কারণে তিব্বতের অংশে উদ্ধারকাজ পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি। গত বুধবার সংঘটিত প্রলয়ংকরী আকস্মিক বন্যার পর পেরিয়ে গেছে ৪৮ ঘণ্টারও বেশি সময়। এর মধ্যে নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৫ জনে। এছাড়া তিব্বতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং সাড়ে ৫০০-র বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। এ খবর দিয়েছে বিবিসি।

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভূমিধসের ফলে সৃষ্ট ওই হ্রদটি পরিপূর্ণ হয়ে পানি উপচে পড়তে শুরু করেছিলো। সেখানে ইতিমধ্যেই ওভারফ্লো বা উপচে পড়ার ঘটনা ঘটেছে। গিরোং বন্দর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই হ্রদে দুই মিলিয়নেরও বেশি ঘনমিটার পানি জমা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এবং পরবর্তী ঝুঁকি মূল্যায়নে হ্রদের চারপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।

এদিকে নতুন করে বন্যার এই সতর্কবার্তার পর নেপাল পুলিশও স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার অ্যালার্ট জারি করেছে। ত্রিশুলী নদী অববাহিকায় জরুরি কর্মীদের সহায়তায় সাধারণ মানুষকে উঁচু স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং সেনাবাহিনী ও উদ্ধারকারী হেলিকপ্টারগুলো নিয়মিত উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।