ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত

ফন্ট সাইজ:

বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে জাহিদুল (১২) নামে এক কিশোর নিহত হয়েছে বলে জানা গেছে । এ ঘটনায় মো. সাজেদুল শেখ (১৩) নামে আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের চতুল উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামের মিল্টন শেখের ছেলে। আহত সাজেদুল শেখও একই গ্রামের কাইয়ুম শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটিয়াপাড়া এক্সপ্রেসের ছাদে উঠে দুই কিশোর দৌড়াদৌড়ি করছিল। চতুল উচ্চ বিদ্যালয়ের কাছে রেললাইনের পাশের একটি কাঁঠালগাছের ডালের সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে দু’জনই ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে যান। জাহিদুল ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় সাজেদুলকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তমাল কৃষ্ণ রায় জানান, সাজেদুলকে অবস্থা বেশি খারাপ হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রয়েল আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধারের পর রাজবাড়ী রেলওয়ে থানাকে বিষয়টি জানানো হয়েছে। তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।’
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, আমি ছুটিতে থাকায় ভাঙ্গা রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে চলে গেছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।