ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গফরগাঁও রেলওয়ে স্টেশনে রেললাইনের পয়েন্ট নির্ধারণ না করেই ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনকে প্রবেশের সিগন্যাল দেয়ার ঘটনা ঘটেছে। তবে চালকের সতর্কতায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। গত বুধবার বিকালে দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনের দিকে আসছিল। স্টেশনে প্রবেশের জন্য ট্রেনটিকে সিগন্যাল দেয়া হলেও নির্ধারিত লাইনের সঙ্গে রেলপথের সংযোগ বা পয়েন্ট যথাযথভাবে সেট করা ছিল না। ট্রেনের চালক বিষয়টি বুঝতে পেরে দ্রুত সতর্ক হন এবং শিবগঞ্জ রোড রেলক্রসিং-সংলগ্ন আউটার সিগন্যাল এলাকায় ট্রেনটি থামিয়ে দেন। এতে ট্রেনে থাকা বিপুলসংখ্যক যাত্রী সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী বলেন, ট্রেনটিকে স্টেশনে প্রবেশের সিগন্যাল দেয়া হয়েছিল। তবে রেললাইনের সংযোগে সমস্যার কারণে ট্রেনটি কিছু সময় আটকে থাকে। পরে সমস্যা সমাধানের পর প্রায় আধা ঘণ্টা বিলম্বে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
পয়েন্ট সেট না করেই সিগন্যাল, অল্পের জন্য রক্ষা পেলেন হাজারও যাত্রী
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
২৮ আগস্ট (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
