নকশাবহির্ভূত নির্মাণ ও পর্যাপ্ত পার্কিং না রাখার অভিযোগে উৎসব সুপার শপ ও স্বপ্ন সুপার শপকে মোট ১৯ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
বৃহস্পতিবার সকালে নগরের হালিশহর এক্সেস রোড এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। অভিযান পরিচালনা করেন সিডিএ’র স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন। সিডিএ সূত্র জানায়, উৎসব সুপার শপের অনুমোদিত নকশা পর্যালোচনা করে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। বিশেষ করে বাণিজ্যিক ভবনের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় প্রতিষ্ঠানটিকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
একই সঙ্গে আগামী ২৭শে নভেম্বরের মধ্যে অনুমোদিত নকশা অনুযায়ী ব্যত্যয়কৃত অংশ সংশোধন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়। সিডিএ’র অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন বলেন, ‘উৎসব সুপার মার্কেট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুমোদিত নকশা দেখাতে পারেনি। পরিদর্শনে দেখা গেছে, এটি বাণিজ্যিক ভবন হলেও নকশা অনুযায়ী প্রয়োজনীয় পার্কিংয়ের ব্যবস্থা নেই। তারা রাস্তার জায়গায় পার্কিং করছে বলে জানিয়েছে। এসব অনিয়মের কারণে ম্যাজিস্ট্রেট ৮ লাখ টাকা জরিমানা করেছেন।
তিনি আরও বলেন, ভবন কর্তৃপক্ষের কাছ থেকে অঙ্গীকারনামা নেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত নকশা অনুযায়ী ব্যত্যয়কৃত অংশ সংশোধন ও পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা না করলে বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এদিকে একই অভিযানে স্বপ্ন সুপার শপের জায়গার মালিককে ৭ লাখ টাকা এবং স্বপ্ন সুপার শপ কর্তৃপক্ষকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির ক্ষেত্রে জরিমানার পরিমাণ দাঁড়ায় ১১ লাখ টাকা। অভিযান চলাকালে একই এলাকার আরেকটি নির্মাণাধীন ভবনে সড়কের জন্য নির্ধারিত জায়গা না ছাড়ার অভিযোগ পাওয়া যায়। পরে ভবনটির সীমানা প্রাচীরের একটি অংশ ভেঙে দেয়া হয়। এ ঘটনায় ভবন মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
এ ছাড়া হালিশহর এলাকার ‘শেপ লাউঞ্জ’ নামের একটি রেস্টুরেন্টেও অভিযান চালায় সিডিএ। ভবনটিতে রেস্টুরেন্ট পরিচালনার অনুমোদন রয়েছে কিনা এবং অনুমোদিত নকশা ও ব্যবহারবিধির সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম সামঞ্জস্যপূর্ণ কিনা, তা যাচাই করতে সেখানে যান কর্মকর্তারা। তবে দীর্ঘ সময় অপেক্ষা করেও রেস্টুরেন্টের কোনো কর্তৃপক্ষ বা দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া যায়নি। ফলে প্রয়োজনীয় অনুমোদন ও নথিপত্র যাচাই করা সম্ভব হয়নি। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় সিডিএ। বর্তমানে রেস্টুরেন্টটি তালাবদ্ধ রয়েছে। অভিযানে সিডিএ’র অথরাইজড অফিসার-২ তানজিব হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
