জিডি করে ১০৮ মোবাইল ফোন ও ১৭ লাখ টাকা ফিরে পেলেন ভুক্তভোগীরা

ফন্ট সাইজ:

মেহেরপুরে হারানো ১০৮টি মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চলে যাওয়া ১৭ লাখ ৪৩ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহায়তায় এসব হারানো ফোন ও প্রতারণা বা ভুলক্রমে চলে যাওয়া টাকা ফিরে পেলেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এসব মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ সুপার উত্তম কুমার রায় এসব প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। পুলিশ জানায়, ২০২৬ সালের জুন ও জুলাই মাসে মেহেরপুর জেলার তিন থানায় করা সাধারণ ডায়েরির ভিত্তিতে ১০৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। একই সময়ে ২৬টি ফেসবুক আইডিও উদ্ধার করা হয়।

এ ছাড়া বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেয়া অর্থের মধ্যে ভুক্তভোগীদের করা জিডির ভিত্তিতে ১৬ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি ভুলক্রমে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অন্যের নম্বরে চলে যাওয়া টাকা সংক্রান্ত ৬টি জিডির ভিত্তিতে আরও ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ১৭ লাখ ৪৩ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।