ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

ফন্ট সাইজ:

ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একখুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো একখুলিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহিদ (৮) ও আবদুর শুক্করের ছেলে মো. তাসিন (৮)। তারা স্থানীয় একখুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার ছুটির পর চার বন্ধু বাড়িতে ফিরে একসঙ্গে স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামে। চার শিশুর কেউই সাঁতার জানতো না।

একপর্যায়ে তারা পানিতে ডুবে যেতে থাকলে চিৎকার শুরু করে। এ সময় দু’জন পাড়ে উঠতে পারলেও জাহিদ ও তাসিন পানিতে তলিয়ে যায়।
ঘটনা দেখতে পেয়ে স্থানীয় মো. ইয়াকুব নামে এক ব্যক্তি পুকুরে ঝাঁপ দিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। পরে দ্রুত তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী নিরঞ্জন সরকার বলেন, পুকুরে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।