শ্রমিক নেতা আটক : দিনাজপুরে শহর জুড়ে সংঘর্ষ, অগ্নিসংযোগ, আহত ১৫, যান চলাচল বন্ধ

শ্রমিক নেতা আটক : দিনাজপুরে শহর জুড়ে সংঘর্ষ, অগ্নিসংযোগ, আহত ১৫, যান চলাচল বন্ধ

ফন্ট সাইজ:

দিনাজপুরে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে আটকের প্রতিবাদে শহর জুড়ে দিনব্যাপী সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় দিনাজপুরের আন্তঃজেলার ৫২টি রুটসহ ঢাকাগামী সকল যান চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। ফলে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী সাধারণসহ দিনাজপুরের সকল মানুষ। বিক্ষুব্ধ শ্রমিকরা থানার প্রধান গেটে বাসের ব্যারিকেড দিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন। এ ছাড়াও তারা দিনাজপুর জেলার দশমাইল মোড়, মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, বটতলী ট্রাক টার্মিনাল, সাধনার মোড়সহ বিভিন্ন জায়গায় রাস্তার উপরে বাস আড়াআড়ি করে রেখে তাদের নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ করছেন। সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর চারজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় কোতোয়ালি থানার সামনে বিক্ষুব্ধ শ্রমিকরা অন্তত তিনটি ঢাকাগামী বাসে অগ্নিসংযোগ করে। আগুনে বাসগুলো ভস্মীভূত হয়।

এ বিষয়ে মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা বলেন, দিনাজপুর জেলা থেকে বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোনো বাস ছেড়ে যায়নি। আমরা এ নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। এখনো কোনো সুরাহা হয়নি। এদিকে, দিনাজপুর কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদকাতুল বারী সাদা শ্রমিক নেতা শেখ বাদশার মুক্তি দাবি করেছেন। তিনি শ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। বুধবার রাতে বাসা থেকে শ্রমিক নেতা শেখ বাদশাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর পর পরই শ্রমিকরা সড়ক অবরোধসহ থানা ঘেরাও করে রেখেছেন। বিক্ষোভকারীরা জানান, আগামী ১৯শে সেপ্টেম্বর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শ্রমিকদের অভিযোগ, জনপ্রিয় নেতা বাদশাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন থেকে বিরত রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে তাকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে কোতোয়ালি থানা ঘেরাওয়ের পাশাপাশি সামনের সড়কে বাস-ট্রাক রেখে ব্যারিকেড দিয়েছেন তারা।

এ ছাড়া, দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের দশমাইল, রানীর বন্দরসহ কয়েকটি স্থানে ব্যারিকেড দেয়ার কথাও জানিয়েছেন শ্রমিকরা। এ ব্যাপারে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) আনোয়ার হোসেন বলেন, শ্রমিক নেতা শেখ বাদশাকে সুনির্দিষ্ট মামলার রেফারেন্সে গ্রেপ্তার করা হয়েছে। আজকে নিয়ম অনুযায়ী তাকে কোর্টে প্রডিউস করার কথা। সকাল থেকেই আপনারা লক্ষ্য করেছেন কিছু শ্রমিক থানায় এসেছে, তাদের দাবি-দাওয়া, ওজর-আপত্তি যেটা, সেটা আমাদের সঙ্গে শেয়ার করেছে। এরপর সকাল থেকেই কিছু সংখ্যক শ্রমিক, যারা বাস এবং ট্রাক দিয়ে রাস্তাঘাট ব্যারিকেড দিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন থানার গেটেও বাস আছে এবং বাস দিয়ে ব্যারিকেড দিয়ে আমাদেরকে কনফাইনমেন্টের মতো করে রাখছে। তাদের সঙ্গে নেগোশিয়েশন হচ্ছে।