নীলফামারীর কিশোরগঞ্জে ফেসবুক চালানোকে কেন্দ্র করে মায়ের সঙ্গে অভিমান করে কীটনাশক পান করে লিমু আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত লিমু আক্তার উপজেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া পূর্বপাড়া এলাকার দয়াল মিয়ার মেয়ে। সে ছিট রাজীব আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে মোবাইল ফোনে ফেসবুক চালানো নিয়ে লিমুর সঙ্গে তার মায়ের মনোমালিন্য হয়।
এতে অভিমান করে সন্ধ্যায় বাড়িতে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে সে। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
