নোয়াখালীতে ওয়ার্কশপ মালিককে গুলি করে হত্যাচেষ্টা মোটরসাইকেল ছিনতাই

ফন্ট সাইজ:

নোয়াখালীর বেগমগঞ্জে নুর আলম (৪৬) নামে এক ওয়ার্কশপ মালিককে গুলি করে হত্যার চেষ্টা চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা তার ভাইয়ের একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাটি বুধবার রাত ১১টার দিকে আলাইয়ারপুর আশ্বাদ ব্যাপারী বাড়ির মসজিদের সামনে ঘটে। ভুক্তভোগী নুর আলম বলেন, তার ছেলে অসুস্থ হওয়ায় পার্শ্ববর্তী বাহাদুরপুর গ্রামের রাহুল ডাক্তারের চেম্বারে নিয়ে যাওয়ার সময় এলাকার ত্রাস রুবেল ও রায়হান দলবল নিয়ে ওত পেতে থাকা অবস্থায় এলোপাতাড়ি গুলি চালায়। প্রাণ ভয়ে সে আশ্বাদ ব্যাপারীর বাড়িতে আশ্রয় নেয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তার ডান হাতের বাহুতে গুলি করে। রক্তাক্ত অবস্থায় চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে বেগমগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, গত ১৫ দিনে বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলে ৯ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এ অঞ্চলে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, দখলবাজি, অস্ত্রবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

গুলি ও বোমার আওয়াজে মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেছে। দিবা-রাত্রি কয়েকটি বাহিনীর অস্ত্রের মহড়ায় আতঙ্কে দিনাতিপাত করছে এলাকাবাসী। বর্তমানে বেগমগঞ্জের আইনশৃঙ্খলার চরম অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুজ্জামান বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনের সঙ্গে কথা বলার পর জানা যায়, অনেকেই গুলির শব্দের মতো আওয়াজ শুনেছে। সন্ত্রাসীরা তাকে মারধর করেছে। তবে আঘাতের স্থান গুলির কিনা তা ডাক্তাররা ভালো করে নিশ্চিত করতে পারবে।