বিএনপি ৬ মাসে দুঃখজনকভাবে অজনপ্রিয় সরকার হয়ে পড়েছে এবং ক্ষমতায় গিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন তো দূরের কথা; বিএনপি নিজেদের ঘোষিত ৩১ দফার সঙ্গেও প্রতারণা করেছে। গতকাল দুপুরে ফেনীর একটি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
সারজিস বলেন, মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট থেকে শুরু করে দীর্ঘ লোডশেডিংয়ের মধ্যদিয়ে জীবনযাপন করতে হচ্ছে। প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে, সব জায়গায় স্বজনপ্রীতি করা হচ্ছে। এমনকি বিএনপি ইউনিয়ন পরিষদের প্রশাসক বসাতে যাচ্ছে। এটা ডেমোক্রেটিক প্রসেসের জন্য একটা লজ্জাজনক উদাহরণ হয়ে থাকবে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী সকল স্থানীয় নির্বাচনে এনসিপি একক প্রার্থী ঘোষণা করবে।
তিনি বলেন, বিএনপি সংসদে ইনিয়ে-বিনিয়ে এটা বলার চেষ্টা করছে যে, গণভোটের এই রায়টাকে তারা আসলে মানে না। বাকি মানুষের যে ম্যান্ডেট, সংস্কারের পক্ষে, এটা তারা আসলে মানতে চায় না। এ সময় এনসিপি’র নেতারা সরকারের সমালোচনা করে বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ-গ্যাসসহ জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। তাদের সফলতা একটাইÑ তারা সফলভাবে ব্যর্থ হয়েছে।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সুজাউদ্দিন ও ফেনী জেলা কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্য সচিব শাহওয়ালী উল্লাহ মানিক প্রমুখ।
