বিএনপিতে যোগ দিয়েও শেষ রক্ষা হলো না

ফন্ট সাইজ:

ফরিদপুরের সালথা উপজেলা কৃষক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক আমিন খন্দকার (৪৫)কে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত বুধবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আমিন একই ইউনিয়নের চান্দাখোলা গ্রামের খন্দকার হাচান আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২১শে আগস্ট সালথা থানায় করা একটি বিস্ফোরক মামলার আসামি আমিন খন্দকার।

এ ছাড়া গত মঙ্গলবার উপজেলার বড়বাংরাইল গ্রামের একটি সংঘর্ষের ঘটনায় করা মামলার প্রধান আসামি তিনি। জানা গেছে, আমিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু চৌধুরীর ঘনিষ্ঠ সহচর ছিলেন। গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যান। গ্রেপ্তার এড়াতে চলতি বছরের ১৯শে জানুয়ারি ফেসবুকে পোস্ট দিয়ে কৃষক লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলার সোনাপুর ইউনিয়নে অনুষ্ঠিত এক সভায় বিএনপি’র এমপি প্রার্থী শামা ওবায়েদ ইসলামের (বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী) হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন আমিন। থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, আমিনকে ২০২৫ সালের বিস্ফোরক এবং গতকালের সংঘর্ষের মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।