রাশিয়ায় আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে আগুন, নিহত ১৫

রাশিয়ায় আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে আগুন, নিহত ১৫

ফন্ট সাইজ:

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে মঙ্গলবার কারখানাটিতে আগুন লাগার পর এজিসিসি জানিয়েছিল, এতে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন চীনা নাগরিক।

তবে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানায়, নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে পৌঁছেছে।

নিহতদের মধ্যে ১৪ জন বিদেশি নাগরিক। তবে তাদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এজিসিসি আরও জানিয়েছে, আহত ৩৯ জন শ্রমিক এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে নয়জনকে বিমানযোগে মস্কোতে নেয়া হয়েছে।

রাশিয়ার পেট্রোকেমিক্যাল জায়ান্ট সিবুর এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানি সিনোপেকের ১০ বিলিয়ন ডলারের যৌথ উদ্যোগ হলো আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্স। প্রতিষ্ঠানটি নিজেকে বিশ্বের অন্যতম বৃহৎ পলিথিন ও পলিপ্রোপিলিন উৎপাদনকারী হিসেবে দাবি করে।

আগুন লাগার সময় কমপ্লেক্সটিতে ২০২৭ সালের শুরুর দিকে নির্ধারিত উদ্বোধনের আগে চূড়ান্ত পরীক্ষা চলছিল।

এজিসিসি জানিয়েছে, কমপ্লেক্সটির নির্মাণকাজ অব্যাহত থাকবে। পাশাপাশি আগামী বছরের উদ্বোধনের প্রস্তুতিও চলবে।

রাশিয়ার শীর্ষ তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, নিরাপত্তা বিধি লঙ্ঘনের সম্ভাবনা খতিয়ে দেখতে তারা তদন্ত শুরু করেছে। একই সঙ্গে আগুনের প্রকৃত কারণও অনুসন্ধান করা হচ্ছে।

আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে বছরে ২৩ লাখ মেট্রিক টন পলিথিন এবং ৪ লাখ টন পলিপ্রোপিলিন উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।