নওগাঁর রাণীনগরে মোবাইল ফোনে ভিডিও কার্টুন দেখিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির মা বাদী হয়ে বুধবার দিবাগত রাতে থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ওই দুই কিশোরকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত দুই কিশোর উপজেলার দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে ইসতিয়াক (১৫) ও সিদ্দিকের ছেলে মারুফ (১৬)। এর আগে গত বুধবার বিকালে ধর্ষণের শিকার হয় প্রত্যন্ত এলাকার ওই শিশু। শিশুটি প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই শিশু বুধবার বিকালে কিশোর মারুফের বাড়িতে খেলাধুলা করতে যায়।
এ সময় ওই বাড়িতে কিশোর ইসতিয়াক ও মারুফ অবস্থান করছিল। এ অবস্থায় ইসতিয়াক শিশুটিকে মোবাইল ফোনে কার্টুন ভিডিও দেখায়। এরপর বাড়িতে কেউ না থাকার সুযোগে ইসতিয়াক শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণ করে। শিশুটি চিৎকার করতে লাগলে ইসতিয়াক শিশুটির মুখ চেপে ধরে রাখে এবং মারুফ পালাক্রমে ওই শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির মা সরকারের কাছে ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মণ্ডল বলেন, শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
