রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) টিএসসিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনায় আহত রসায়ন বিভাগের এক শিক্ষার্থী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। আগামী রোববারের মধ্যে প্রশাসনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে।
আইসিইউতে চিকিৎসাধীন শিক্ষার্থীর নাম ফেরদৌস হাসান। তিনি রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সংঘর্ষে তার সঙ্গে বিভাগের আরও তিন শিক্ষার্থী সাজিদুর, নোমান ও সামিন আহত হয়েছেন। তাদের মধ্যে ফেরদৌস ও সাজিদুরকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেয়া হয়। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলে ফেরদৌসকে আইসিইউতে ভর্তি করা হয়।
ফেরদৌসের শারীরিক অবস্থার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলম বলেন, সর্বশেষ জানতে পেরেছি, সে আইসিইউতে ভালো আছে। বর্তমানে সে শঙ্কামুক্ত। অক্সিজেন মাস্ক ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিচ্ছে। চিকিৎসক তাকে সিটি স্ক্যান করতে দিয়েছেন। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে টিএসসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। বিষয়টি মীমাংসার উদ্যোগ নেয়া হলেও বিরোধের সমাধান হয়নি। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের পেছনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে তা দুই বিভাগের একাডেমিক ভবন পর্যন্ত ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার দুপুরে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দরজা-জানালা ও অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, আমরা সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
