লাখাইয়ে জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে ভাতিজা নিহত

ফন্ট সাইজ:

হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামে (শামপুর) জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের সংঘর্ষে নাজমুল হাসান (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। নাজমুল বড় ভাই নাসির উদ্দিনের ছেলে। এ ঘটনায় ছোট ভাই গিয়াস উদ্দিনও আহত হয়েছেন। গতকাল দুপুরের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত রইছ আলীর দুই ছেলে বড় ভাই নাসির উদ্দিন ও ছোট ভাই গিয়াস উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে টেপাইয়া বন্দ নামক স্থানে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষে আপন চাচা ও চাচাতো ভাইদের হামলায় বড় ভাইয়ের ছেলে নাজমুল গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি ঘটে। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেয়ার পথেই নাজমুল মারা যান। পারিবারিক সূত্রে, তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় ছোট ভাই গিয়াস উদ্দিনও আহত হয়েছেন। খবর পেয়ে এলাকায় তাৎক্ষণিক উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।