সংবাদ সংগ্রহ করতে গিয়ে মিথ্যা মামলার শিকার সাংবাদিক

ফন্ট সাইজ:

বরিশালের আগৈলঝাড়ায় নিজের অনৈতিক কর্মকাণ্ড আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামে একটি অনৈতিক সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গত ৯ই আগস্ট কয়েকজন সাংবাদিক ওই এলাকায় যান এবং স্থানীয়দের উপস্থিতিতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এরপর গত ১৭ই আগস্ট বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাংবাদিক আকাশ হাওলাদার ও বাবুল খানের বিরুদ্ধে নালিশি মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশে ২৫শে আগস্ট মামলাটি আগৈলঝাড়া থানায় এজাহারভুক্ত করা হয়। সাংবাদিক আকাশ অভিযোগ অস্বীকার করে বলেন, সংবাদ সংগ্রহের উদ্দেশ্যেই তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তাকে সামাজিকভাবে হেয় ও হয়রানি করতেই মিথ্যা মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি। আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, আদালতের নির্দেশে মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অভিযোগের সত্যতা না থাকলে সাংবাদিকদের মামলা থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন।