যুক্তরাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। ম্যানচেস্টার এয়ারপোর্টস গ্রুপ-এর পরিচালনায় আক্রান্ত বিমানবন্দরগুলো হলো ম্যানচেস্টার, লন্ডন স্ট্যানস্টেড এবং ইস্ট মিডল্যান্ডস। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এতে প্রায় ৮৭ লাখ গ্রাহকের তথ্য অননুমোদিতভাবে হ্যাকারদের হাতে চলে গেছে। মঙ্গলবার সাইবার হামলার বিষয়টি জানতে পারে ম্যানচেস্টার এয়ারপোর্টস গ্রুপ। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা এর কয়েক দিন আগেই সংশ্লিষ্ট তথ্যভাণ্ডারে প্রবেশ করেছিল।
এতে আরও বলা হয়, হামলায় গ্রাহকদের বিমানবন্দর-সংশ্লিষ্ট বিভিন্ন সেবার তথ্য আক্রান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে গাড়ি পার্কিং বুকিং, বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার, দ্রুত নিরাপত্তা পার হওয়ার সেবা এবং বিমানবন্দরের ওয়াই-ফাই ব্যবহারের নিবন্ধন। হ্যাকাররা গ্রাহকদের ই-মেইল ঠিকানা, ফোন নম্বর, গাড়ির নিবন্ধন নম্বর এবং পোস্ট কোডে প্রবেশাধিকার পেয়েছে।
তিন বিমানবন্দরে নির্ধারিত ভবিষ্যৎ বুকিংও বহাল রয়েছে। যাত্রীদের গাড়ি পার্কিংসহ সংশ্লিষ্ট সেবাগুলোও স্বাভাবিকভাবে চালু রয়েছে। একই সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা কিংবা বিমান চলাচলের নিরাপত্তা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি।
ম্যানচেস্টার এয়ারপোর্টস গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ঝুঁকি নিয়ন্ত্রণে এনে গ্রাহক ও নিজেদের ব্যবস্থার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং হামলার প্রকৃতি, কতটা তথ্য অননুমোদিতভাবে প্রবেশ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কী ব্যবস্থা নেয়া হবে—এসব বিষয় আরও পরিষ্কার হতে পারে তদন্ত এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে।
ঘটনাটি এমন এক সময়ে সামনে এসেছে, যখন যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনসেবামূলক প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার ঝুঁকি নিয়ে ক্রমবর্ধমান সতর্ক অবস্থানে রয়েছে। ফলে তিন বিমানবন্দরের বিপুলসংখ্যক গ্রাহকের তথ্য আক্রান্ত হওয়ার এই ঘটনা ব্রিটেনের সাইবার নিরাপত্তা ব্যবস্থার জন্যও একটি বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
