রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে রিমান্ডে থাকা মিতু আকতার নামে এক হত্যা মামলার আসামি পালিয়ে গিয়েছে। বৃহস্পতিবার সকালে হাজতের গেট খুলে কৌশলে পালিয়ে যায় মিতু। এই ঘটনায় যাত্রাবাড়ী থানার পাঁচ পুলিশ সদস্যকে বহিষ্কার করা হয়েছে।
থানা পুলিশ জানায়, একটি হত্যা মামলায় তিনদিনের রিমান্ডে যাত্রাবাড়ী থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল মিতু আক্তারকে। বৃহস্পতিবারই ছিল শেষ দিন। দুপুরে তাকে আদালতে নিয়ে যাওয়ার কথা ছিল। এরই মধ্যে হাতে হ্যান্ডকাফ না থাকায় সকালে হাজতের গেট খুলে কৌশলে থানা থেকে পালিয়ে গেছে সে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি’র ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডেমরা জোন) মীর মুহসীন মাসুদ রানা বলেন, একটি হত্যা মামলায় ওই নারী আসামি যাত্রাবাড়ী থানায় রিমান্ডে ছিল। তিনদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করার ঠিক কিছুক্ষণ আগে পুলিশি হেফাজত থেকে সে পালিয়ে গেছে। তাকে খুঁজে বের করতে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
