খুলেছে মালয়েশিয়ার শ্রম বাজার। শুধু পূর্ব এশিয়ার এই দেশই নয়, মধ্যপ্রাচ্যেও যাচ্ছে বাংলাদেশের শ্রমিক। এ নিয়ে ব্যস্ত সরকারও। এ অবস্থায় মালয়েশিয়ায় প্রথম পর্যায়ে ১০ হাজার শ্রমিক নিয়ে বিতর্ক চলছে। যে বিতর্কের খোলাসা করলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেটের একটি অনুষ্ঠানে মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, প্রথম পর্যায়ে ১০ হাজার শ্রমিক পাঠানো নিয়ে বিতর্ক চলছে। বলা হচ্ছে, বিনা খরচে যারা মালয়েশিয়ায় যাবেন তাদের মধ্যে দলীয় লোকরাই যাবে। জবাবে মন্ত্রী বলেন, বিতর্ক নয়, যোগ্য শ্রমিকদেরই পাঠানো হবে মালয়েশিয়ায়। তিনি বলেন, এবার যখন প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে গেলেন তখন বিনা খরচে ১০ হাজার শ্রমিক মালয়েশিয়া নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই দেশের প্রধানমন্ত্রী।
তখন খুশি হয়ে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন আমরাও তাদের কাছ থেকে কোনো খরচ নেবো না। বিনা খরচে তাদের মালয়েশিয়া পাঠানো হবে। আরিফুল হক চৌধুরী বলেন, যে ১০ হাজার শ্রমিক মালয়েশিয়া পাঠানো হবে তাদের কাছ থেকে কোনো টাকা নেবো না। শুধুমাত্র পাসপোর্ট নেবো। তবে মালয়েশিয়া সরকার এখনো তাদের চাহিদার কাগজপত্র পাঠায়নি। তাদের কাগজপত্র দেখে তখন সিদ্ধান্ত নেয়া হবে কী ধরনের লোক পাঠানো হবে। এ নিয়ে সরকারের সংশ্লিষ্ট সবাই বসে সিদ্ধান্ত নেবেন বলে জানান মন্ত্রী। এদিকে, প্রবাসী কার্ডের বিষয়টিও খোলাসা করেছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়টি চূড়ান্ত করা হবে। দু’ধরনের কার্ড চালু করা হবে। একটি হবে যারা এখনো যাচ্ছেন তাদের জন্য। অন্যটি হচ্ছে যারা দীর্ঘকাল ধরে প্রবাসে রয়েছেন তাদের জন্য। এ নিয়ে সরকার কাজ করছে। এজন্য মাস দু’য়েক সময় লাগবে। যারা কার্ড পাবেন তারা জমি, চিকিৎসা এমনকি বিমান ভাড়ায় সুবিধা পাবেন বলে জানান তিনি।
এদিকে, প্রবাসী নিহত শ্রমিকদের পরিবারের বিষয়টিও সরকার গভীরভাবে চিন্তা করছে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, মারা যাওয়া পরিবারগুলোতে যেসকল শিশু রয়েছে, তাদের লেখাপড়ার সম্পূর্ণ খরচ জোগাতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। পাশাপাশি স্বজনহারা এই পরিবারগুলোর সামাজিক ও আর্থিক স্থায়িত্ব ফেরাতে প্রতিটি পরিবার থেকে অন্তত ১ জন করে সদস্যকে সরকারি ব্যবস্থাপনায় অগ্রাধিকার ভিত্তিতে বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, এই এলাকার যুবকদের যারা প্রলোভন দেখিয়ে সাগর পথে বা ঝুঁকিপূর্ণ উপায়ে অবৈধভাবে বিদেশে পাঠায়, আপনারা সেইসব দালালদের পরিচয় প্রকাশ্যে আনুন। তাদের তথ্য আমাদের দিন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
