আগামী ১৭ই সেপ্টেম্বর ফেনী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী সফরে সরকারি বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেয়া ছাড়াও দলীয় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সফরের শুরুতে জেলার পরশুরামে ঘাটঘর এলাকায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ প্রকল্প বাস্তবায়ন হলে নদীভাঙন, জলাবদ্ধতা, বাঁধের ভাঙন ও বন্যায় মানুষজন যে ক্ষতির মুখে পড়েনÑ তা থেকে রক্ষা পাবেন। সামগ্রিকভাবে এ বৃহত্তর অঞ্চলের মানুষ এটির সুফল পাবেন। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১৬ই জুন একনেকে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ অনুমোদন দেয়া হয়।
এ প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। পরবর্তী পর্যায়ে মুহুরী ও কহুয়া নদীতে নতুন বাঁধ নির্মাণ এবং সিলোনিয়া নদীতেও বাঁধ নির্মাণ, নদী খনন ও সংস্কারের পরিকল্পনা রয়েছে। গত মঙ্গলবার দুপুরে পরশুরামে প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি ঘোষণা দেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। এছাড়া জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সে বৈঠকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক আলোচনা ও দিক-নির্দেশনা দেন বিএনপি’র এ যুগ্ম মহাসচিব এ্যানী। ফেনী সফরের দিন বিকালে ফুলগাজী সরকারি হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। সূত্র জানিয়েছে এ জনসভাস্থল থেকে ফুলগাজীকে দেশের নতুন পৌরসভায় উন্নীতকরণের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। এ ঘোষণার পর ফেনী জেলার ছয় উপজেলাতে ৬টি পৌরসভা গঠিত হবে। এর আগে ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৈতৃক বাড়ি ও নিজের নির্বাচনী এলাকা ফুলগাজীকে থানা থেকে উপজেলায় উন্নীত করেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফরের সময় ১৯৯৩ সালে লোকসানের অজুহাতে বন্ধ করে দেয়া ফেনী-বিলোনিয়া রেলপথ পুনরায় চালুর দাবি জানাবেন বিএনপি নেতারা। এটি চালু হলে জেলার উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসার প্রসার ঘটবে। স্থানীয়দের প্রত্যাশা প্রধানমন্ত্রী ধ্বংসের পথে থাকা রেলপথটি পুনরায় চালুর ঘোষণা দেবেন। এদিকে প্রধানমন্ত্রীর সফর সফল করতে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ফেনী-১ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। জেলা পুলিশ সুপার প্রত্যুষ চন্দ্র মজুমদার জানান, সফরসূচি চূড়ান্ত হলে প্রধানমন্ত্রীর সফর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সবধরনের প্রস্তুতি শুরু হবে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জেলা জুড়ে তৎপর হবে। অন্যদিকে জেলা প্রশাসক মনিরা হক জানান, এখনও সরকারিভাবে দিনক্ষণ ঠিক হয়নি। তবে প্রাথমিকভাবে সফরের বিষয়টি বিভিন্ন মাধ্যমে অবগত হয়েছেন উল্লেখ করে তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাসহ সবধরনের সহযোগিতা দিতে প্রাথমিক প্রস্তুতি নেয়া হচ্ছে।
