সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওরে হাউজবোট থেকে গোসল করতে নেমে আব্দুল মাজেদ পিকলু (২৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গুয়ার হাওরসংলগ্ন লামাগাঁও বাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাজেদ রাজশাহীর শাহামধ্যম উপজেলার মধ্য নওদাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শাহামধ্যম উপজেলা থেকে ১০ বন্ধু মিলে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উদ্দেশ্যে একটি হাউজবোটে করে রওনা হন। পথে প্রয়োজনীয় খাবার ও মালামাল কেনার জন্য হাউজবোটটি তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজার ঘাটে নোঙর করা হয়। এ সময় দলের কয়েকজন বাজারে কেনাকাটার জন্য উঠে যান। একপর্যায়ে মাজেদ হাউজবোট থেকে গোসলের উদ্দেশ্যে হাওরের পানিতে লাফ দেন। এরপর তিনি আর পানির ওপর ভেসে ওঠেননি। পরে প্রায় দেড় ঘণ্টা পর স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। তাহিরপুর থানার ওসি ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
