উখিয়ায় বিআরডিবি কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ায় নাছিমা বেগম (৫০) নামে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিআরডিবি কর্মকর্তা মেহেদীর স্ত্রীর বিরুদ্ধে। মারধরে ওই নারী গুরুতর জখম হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে উপজেলা কোয়ার্টারের পাশে জ্বালানি কাঠ কুড়াতে গেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন নাছিমার স্বজনরা। তিনি স্থানীয় মৃত সুরুত আলমের স্ত্রী। পরিবারের অভিযোগ, কিস্তির টাকা পরিশোধ না করা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নাছিমাকে লাঠি দিয়ে মারধর করেন। এতে গুরুতর জখম হলে তাকে চিকিৎসা দেয়া হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

পরিবারের দাবি, নাছিমার কিস্তি বকেয়া থাকার কথা বলে তাকে মারধর করা হলেও বিআরডিবি’র বইয়ে তার কিস্তি পরিশোধের তথ্য রয়েছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা। এদিকে বিআরডিবি কর্মকর্তা মেহেদী প্রায় সাত বছর ধরে উখিয়া উপজেলায় কর্মরত রয়েছেন। দীর্ঘদিন একই উপজেলায় কর্মরত থাকার সুবাদে তার প্রভাব বিস্তার নিয়ে স্থানীয়দের মধ্যে নানা অভিযোগ রয়েছে। কয়েকজন কর্মকর্তাকে ঘিরে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগও রয়েছে স্থানীয়দের। ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, ঘটনার বিষয়টি সাংবাদিকদের জানানো হয়েছে জানতে পেরে পরে মেহেদী তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং হুমকি দেন। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে। এ বিষয়ে বিআরডিবি কর্মকর্তা মেহেদীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি অফিসের কাজে বাইরে আছি। কেন এমন ঘটনা ঘটেছে, তা জানি না। বিষয়টি আমি দেখবো। একজন অসহায় নারীর ওপর লাঠিপেটার অভিযোগ এবং পরে ভুক্তভোগী পরিবারকে হুমকি দেয়ার অভিযোগের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।