অস্ট্রেলিয়ার ডারউইনে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ এইচপি দল সময় নিলো মাত্র এক ম্যাচ। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে টানা তিন ম্যাচের জয়ের পর অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হার দেখেন শুক্কুর-সাব্বিরর। আজ টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ড এ দলকে ২৩ রানে হারিয়ে আবারো জয়ের ধারায় ফিরে বাংলাদেশ এইচপি দল। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আবারো টেবিলের শীর্ষে উঠেছেন লাল-সবুজ প্রতিনিধিরা। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ। আগামীকাল দুপুর দেড়টায় ষষ্ঠ ম্যাচে নর্দার টেরিটরি স্ট্রাইকে মুখোমুখি হবে ইফরান শুক্কুরের দল।
মারারা ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ এইচপি দল। ইনিংসের তৃতীয় বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওপেনার জিসান আলম। আগের ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি ডানহাতি এ ব্যাটার। তিনে নামা আরিফুল ইসলামকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা চালান আরেক ওপেনার হাবিবুর রহমান সোহান। সপ্তম ওভারে ক্লার্কসনের বলে ডিন ফক্সক্রাফটের হাতে ক্যাচ দেন সোহান। ২১ বলে ২৬ রান করে বিদায় নেন সোহান। ৪৮ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। চারে নামা ইফরান শুক্কুরও ক্রিজে টিকে থাকতে পারেননি। ৪ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন এইচপি অধিনায়ক। ৫১ রানে তিন উইকেট হারানোর পর সাব্বির রহমানকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন আরিফুল। চতুর্থ উইকেটে ৫৩ বলে ৯০ রানের জুটি গড়েন তারা। দলীয় ১৪১ রানে লেনক্সের বলে বোল্ড হন আরিফুল। সাজঘরে ফেরার আগে ৭ চার ও ২ ছক্কায় বাঁহাতি এ ব্যাটার খেলেন ৭১ রানের ইনিংস। অন্যপ্রান্তে ঝড়ো ব্যাটিং করেন সাব্বির। ৬ চার ও ২ ছক্কায় ৩৬ বলে ৬২ রানে অপরাজিত থাকেন ডানহাতি এ ব্যাটার। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে বাংলাদেশ এইচপি দল।
লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় নিউজিল্যান্ড এ দল। ২ ওভারে বিনা উইকেটে ১৮ রান তোলে তারা। তৃতীয় ওভারের শেষ বলে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙেন রিপন মণ্ডল। ১০ বলে ২৪ রান করা কেনেতি ক্লার্ককে সাব্বিরের ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান। তিনে নামা ম্যাথু বোয়েকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন আরেক ওপেনার ম্যাক্স চো। দ্বিতীয় উইকেট জুটিতে দু’জনে মিলে করেন ৫৪ রান। নবম ওভারে ব্যক্তিগত ৩১ রানে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন বোয়ে। দলীয় ১১৩ রানে তৃতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। বেভন জ্যাকব ৮ রানে ফিরে যাওয়ার পর নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। ২৫ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন ৪ ব্যাটার। নিউজিল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন পেসার রিপন মণ্ডল ও স্পিনার রাকিবুল হাসান। এই দুজনের তোপে পড়ে শেষতক ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। রিপন ২৭ রানে, রাকিব ২৩ রানে ৩টি করে উইকেট নেন।
