‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’

সংসদে হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’

ফন্ট সাইজ:

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্ন বুঝতে পারেননি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “স্পিকার এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ছয় মাসের স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছে কি না, এটা একটা প্রশ্ন। তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিনেমা হল কেন নাই, সেটা আরেকটা প্রশ্ন। কত হত্যা হয়েছে, জখম হয়েছে ইত্যাদি যে ডাটা দিলেন, সেই ডাটাটা কিসের ভিত্তিতে দিলেন, কী পরিসংখ্যানের ভিত্তিতে দিলেন, সে স্ট্যাটিস্টিক্সটা কি আমি জানি না।”

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সম্পূরক প্রশ্ন করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল প্রশ্ন করতে গিয়ে বলেন, ব্রাহ্মণবাড়িয়াতে গান-বাজনা বন্ধ করে দেয়া হয়েছে। নৌকা-বাইচ বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, ব্রাহ্মণবাড়িয়া একটা কালচারাল জেলা। সেই জেলায় নাকি গান-বাজনা, সিনেমা নাকি বন্ধের মতোই। এই ছয় মাসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছেন কি না? এবং আইনের শাসন, সেটি প্রতিষ্ঠিত করতে উনি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছেন কি না? নাকি উনি ব্যর্থ হয়েছেন?

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মাননীয় স্পিকার, এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ছয় মাসের স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছে কি না, এটা একটা প্রশ্ন। তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিনেমা হল কেন নাই, সেটা আরেকটা প্রশ্ন। কত হত্যা হয়েছে, জখম হয়েছে ইত্যাদি যে ডাটা দিলেন, সেই ডাটাটা কিসের ভিত্তিতে দিলেন, কী পরিসংখ্যানের ভিত্তিতে দিলেন, সে স্ট্যাটিস্টিক্সটা কি আমি জানি না।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি, হয় নাই, সেটা তো দৃশ্যমান। বাংলাদেশে আজ পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত ক্রাইম হয়েছে, অপরাধ হয়েছে, ২৪ ঘণ্টা, ৪৮ ঘণ্টার ভিতরে অপরাধী গ্রেপ্তার হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, সামাজিকভাবে যে কোনো স্পেসিফিক ঘটনা যদি আপনারা বলতে পারেন, সে স্পেসিফিক ঘটনা আমি ৩০০ বিধিতে বিবৃতি দিতে পারব। আজ পর্যন্ত সামাজিক চাহিদার ভিত্তিতে এবং যেগুলো আলোচিত হয়েছে, যেগুলো আলোচিত হয়ও নাই, সেরকম যেগুলো ঘটনা অপরাধ সংঘটিত হয়েছে, সেটা সমাজের চাহিদার ভিত্তিতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যাতে বিচার কার্য সম্পন্ন হয়, সেজন্য আমরা সহযোগিতা করেছি। বিচার করার তো জুডিশিয়ারির কাজ।

“রামিসা থেকে শুরু করে রংপুরের ইদানিং চারটা যে হত্যা হলো, সেই পর্যন্ত সমস্ত কিছু দ্রুততম সময়ের মধ্যে এই পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আইনের আওতায় নিয়ে এসেছে। এখানে কোথায় কী ব্যর্থতা আছে, বলতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে বা এই সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় নাই, এগুলো বক্তব্যে চলে। এটা সংসদ। সংসদে তথ্যভিত্তিক কথা বলতে হবে। যদি কোনো স্পেসিফিক ঘটনার কথা আপনারা বলেন, সেই ঘটনার প্রেক্ষিতে আমরা ৩০০ বিধিতে বক্তব্য দিতে পারব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি কাগজ নিয়ে বলা হয়, এতটা হত্যা হয়েছে, এতটা গুম হয়েছে, সেটা তো কিসের স্টেটমেন্ট, আমরা জানি না। আমরা গতবারও সংসদে ৩০০ বিধিতে বক্তব্য দিয়েছি, স্টেটমেন্ট দিয়েছি এবং সংসদের জেনারেল আলোচনার মধ্যেও ডাটা দিয়েছি। তার মধ্যে আমরা প্রত্যেকটা পরিসংখ্যান করে প্রত্যেকটা অপরাধের চিত্র আমরা তুলে ধরেছিলাম। তখন কেউ বলতে পারে না। যদি কোনো স্পেসিফিক ঘটনায় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে কি হয় নাই, সেই বিষয়ে যদি আপনারা নোটিশ আনেন, তখন আমরা ডিবেট করতে পারব।