এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে 'সি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রয়ে এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, ভুটান ও ম্যাকাও।
আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি হাউসে অনুষ্ঠিত ড্রয়ে ৩৫টি দলকে ভাগ করা হয় সাতটি গ্রুপে, প্রতি গ্রুপে রাখা হয়েছে পাঁচটি করে দল। বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৮ থেকে ২০ নভেম্বর।
যেহেতু 'সি' গ্রুপের আয়োজক সংযুক্ত আরব আমিরাত, তাই বাংলাদেশের সবগুলো ম্যাচও অনুষ্ঠিত হবে দেশটিতে।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সাত গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা পাবে মূল পর্বে। এর সঙ্গে কাতার বিশ্বকাপে অংশ নেওয়া এশিয়ার ৯টি দল—অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, তাজিকিস্তান, উজবেকিস্তান ও ভিয়েতনাম—সরাসরি খেলবে মূল পর্বে। আগামী বছরের ১২ থেকে ২৯ মে উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্ব।
বাছাইপর্বের বাকি গ্রুপগুলো হলো—
গ্রুপ এ: ইন্দোনেশিয়া, মিয়ানমার, আফগানিস্তান, ফিলিপাইন, কম্বোডিয়া
গ্রুপ বি: থাইল্যান্ড, ইরাক, হংকং, চীনা তাইপে, মালদ্বীপ
গ্রুপ ডি: ইরান, লাওস, জর্ডান, পাকিস্তান, শ্রীলঙ্কা
গ্রুপ ই: ভারত, মালয়েশিয়া, ফিলিস্তিন, সিঙ্গাপুর, গুয়াম
গ্রুপ এফ: ইয়েমেন, তুর্কমিনিস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডস
গ্রুপ জি: ওমান, কুয়েত, বাহরাইন, লেবানন, ব্রুনেই দারুসসালাম
