ক্লাব ফুটবলেও দুর্দান্ত শুরু ভোজিনহার

ক্লাব ফুটবলেও দুর্দান্ত শুরু ভোজিনহার

ফন্ট সাইজ:

২০২৬ ফিফা বিশ্বকাপে আলোড়ন সৃষ্টিকারী গোলরক্ষক ভোজিনহা এবার ক্লাব ফুটবলেও রাঙালেন নিজের অভিষেক। চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোর হয়ে গতকাল বুধবার প্রথম মাঠে নেমেই জিতলেন দারুণ এক জয় দিয়ে, শুরু করলেন ক্যারিয়ারের নতুন অধ্যায়।



চিলিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইউনিয়ন এস্পানিওলাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করেছে কোলো-কোলো। পুরো ৯০ মিনিট গোলপোস্টের নিচে দাঁড়িয়ে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত নির্ভরতার প্রতীক হয়ে ছিলেন কেপ ভার্দের এই তারকা। মাঠজুড়ে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলা কোলো-কোলোর বিপক্ষে তেমন কোনো পরীক্ষার মুখেই পড়তে হয়নি তাকে।



তবে ম্যাচের একদম শেষ মুহূর্তে নিজের সামর্থ্যের প্রমাণ দেন ভোজিনহা। বক্সের ভেতর ঢুকে ইউনিয়নের খেলোয়াড় অর্টিজের নেওয়া জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন তিনি। এই গুরুত্বপূর্ণ সেভেই ক্লিন শিট অক্ষত থাকে দলের। এই জয়ে গ্রুপ 'ই'-এর শীর্ষ দল হিসেবে চিলিয়ান কাপের শেষ ষোলোয় জায়গা করে নেয় কোলো-কোলো।

স্বপ্নের মতো অভিষেকের পর এখন পরের চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি। আগামী রোববার ব্রাজিলিয়ান সময় সন্ধ্যা সাড়ে ৬টায় কোপা সুদামেরিকানার ম্যাচে আউডাক্স ইতালিয়ানোর মুখোমুখি হবে ভোজিনহার কোলো-কোলো।