দিল্লিতে বাসায় ঢুকে মডেলকে ছুরিকাঘাতে হত্যা

দিল্লিতে বাসায় ঢুকে মডেলকে ছুরিকাঘাতে হত্যা

ফন্ট সাইজ:

ভারতের দিল্লির পশ্চিম তিলক নগরে নিজ বাড়িতেই ছুরিকাঘাতে নিহত হয়েছেন ২১ বছর বয়সী শিক্ষার্থী ও মডেল মুসকান। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার পশ্চিম দিল্লির তিলক নগরের একটি ভবনের দ্বিতীয় তলায় মুসকানকে ছুরিকাঘাত করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার জিম ট্রেনার ইমরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। হামলার পর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ।

মুসকানের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযুক্তকে খুঁজতে অভিযান শুরু হয়েছে। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে।
মুসকানের বন্ধু আমান জানান, তিন বোনের মধ্যে মুসকান ছিলেন সবচেয়ে ছোট। ঘটনার সময় তার বড় বোন চণ্ডীগড়ে ছিলেন। তিনি ফোন করে আমানকে দ্রুত মুসকানের বাড়িতে যেতে বলেন।

আমানের দাবি, মুসকানের বোনেরা তাকে জানিয়েছেন, ইমরান এর আগেও মুসকানকে হয়রানি করেছিলেন। অতীতের সেই ঘটনার কারণে এবারও তার ওপর সন্দেহ করা হচ্ছে বলে জানান তিনি। তবে পুলিশ এখনো ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডে অভিযুক্তের ভূমিকা তদন্ত করে দেখছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনার পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।