নেপালের সীমান্তবর্তী অঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে। বন্যায় ভেসে গেছে সেখানকার রাস্তাঘাট, ব্রিজ ও ঘরবাড়ি। এ ভয়ংকর পরিস্থিতিতে নেপালে আটকে রয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। তার সঙ্গে স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায় ও শুটিং ইউনিটের সদস্যরাও রয়েছেন। গত ২০ আগস্ট ‘শিকার’ সিনেমার শুটিংয়ের কাজে নেপাল যান খরাজ মুখোপাধ্যায়। রাসুয়া জেলার দুর্গম পাহাড়ি এলাকায় শুটিং চলাকালীন আচমকা প্রবল বৃষ্টি শুরু হয় এবং নদীর পানি দ্রুত বাড়তে থাকে। মুহূর্তের মধ্যে রাস্তাঘাট এবং একাধিক সেতু ভেসে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম আজকালকে মোবাইল ফোনে পরিস্থিতি জানিয়ে খরাজ বলেছেন, ২৬ আগস্ট আমাদের কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু রাস্তাঘাট ভেসে যাওয়া ও বিমানের টিকিট না পাওয়ায় আমরা আটকে পড়েছি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আগামী ২৮ আগস্ট গোরখপুর হয়ে দেশে ফেরার চেষ্টা করব। ‘শিকার’ সিনেমায় অভিনয়ের জন্য চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা রজতাভ দত্তও নেপাল গিয়েছিলেন। তারাও নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা।
