বিশ্বে প্রথমবারের মতো সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় এক রোগীর মস্তিষ্কের টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। বৃটেনের ইউনিভার্সিটি কলেজ লন্ডন হসপিটালের চিকিৎসকরা এই যুগান্তকারী অস্ত্রোপচার সম্পন্ন করেন। তারা জানান, এই অপারেশন না হলে ৪৮ বছর বয়সী ওই রোগী পুরোপুরি দৃষ্টিশক্তি হারাতে পারতেন। এ খবর দিয়েছে বিবিসি।
বেডফোর্ডশায়ারের বাসিন্দা রিস হিবার্ট নামের ওই রোগীর মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থিতে ১১ মিলিমিটারের একটি নন-ক্যান্সারাস বা বিনাইন টিউমার ধরা পড়েছিল। টিউমারটি তার চোখের স্নায়ু বা অপটিক নার্ভে চাপ দিচ্ছিল। ফলে তার দৃষ্টিসীমা সংকুচিত হয়ে আসছিল এবং তিনি চরম ক্লান্তি ও মাথা ঘোরার সমস্যায় ভুগছিলেন।
নাকের ভেতর দিয়ে এন্ডোস্কোপ প্রবেশ করিয়ে এই জটিল অপারেশনটি করা হয়। টিউমারটি হাড় ও শক্ত মেমব্রেনের নিচে লুকিয়ে ছিল।
মস্তিষ্কের ভেতরে জটিল রক্তনালি ও স্নায়ুর অবস্থান একেকজনের ক্ষেত্রে একেক রকম হয়, যার ফলে এই অস্ত্রোপচারটি ছিল বেশ ঝুঁকিপূর্ণ। ঠিক এখানেই লাইভ এআই প্রযুক্তি কাজ করেছে। অপারেশন চলাকালে দ্বিতীয় একটি স্ক্রিনে এআই প্রযুক্তিটি লাইভ ভিডিও বিশ্লেষণ করে সার্জনদের নিখুঁতভাবে দেখিয়ে দেয় যে কোথায় গুরুত্বপূর্ণ স্নায়ু ও রক্তনালিগুলো রয়েছে এবং কোন দিক দিয়ে টিউমার অপসারণ করা সবচেয়ে নিরাপদ। এটি শত শত ভিডিওর ডেটা দিয়ে প্রশিক্ষিত এবং সার্জনদের জন্য ‘দ্বিতীয় বিশেষজ্ঞ চোখের’ মতো কাজ করেছে।
অধ্যাপক হানি মার্কাস ও ড্যানিয়াল খান এই অস্ত্রোপচার পরিচালনা করেন। তবে গবেষকরা স্পষ্ট করেছেন যে, এআই কেবল সহায়তা করেছে, পুরো অপারেশনের মূল নিয়ন্ত্রণ চিকিৎসকদের হাতেই ছিল। অস্ত্রোপচারের পর রিস হিবার্ট জানান, তিনি এখন পুরোপুরি সুস্থ এবং তার দৃষ্টিশক্তি ও হারানো প্রাণশক্তি ফিরে পেয়েছেন। তিনি বলেন, মনে হচ্ছে আমি আমার জীবন ফিরে পেয়েছি।
