নিহতের সংখ্যা বেড়ে ১৭৭, নিখোঁজ প্রায় ১৫০০

নেপাল-চীন সীমান্তে বন্যা

নিহতের সংখ্যা বেড়ে ১৭৭, নিখোঁজ প্রায় ১৫০০

ফন্ট সাইজ:

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া দুই দেশে অন্তত ৮০০ বিদেশিসহ প্রায় ১,৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। এ খবর দিয়েছে রয়টার্স ও বিবিসি।

নেপালের পুলিশ ও পর্যটন কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে নিখোঁজ ৮২৬ জনের মধ্যে প্রায় ৫০০ জনই বিদেশি নাগরিক। এর মধ্যে ভারতের ১৭৭, যুক্তরাষ্ট্রের ৬৩, অস্ট্রেলিয়ার ৩৪ এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, তিব্বতের জিরং কাউন্টিতে ২৬০ জন বিদেশিসহ ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। সেখানে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু নিশ্চিত করেছে চীন। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) জানিয়েছে, উদ্ধার করা মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে। এছাড়া ৮৫ জন জরুরি সেবাকর্মীর সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানিয়েছে, হিমালয়ের নদীতে পাহাড়ের কাদা ও পাথরের বিশাল অংশ ধসে পড়ার পর এই প্রলয়ংকরী বন্যা শুরু হয়। নিখোঁজদের সন্ধানে নেপাল ও চীনে হেলিকপ্টার ব্যবহার করে জোর উদ্ধার অভিযান চলছে।

এদিকে ধ্বংসস্তূপের মধ্য থেকেও কিছু স্বস্তির খবর মিলেছে। নেপালের সেনাবাহিনী রাসুলার হাকু এলাকায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে পড়া সাতজনকে জীবিত উদ্ধার করেছে। অন্যান্য টানেলেও উদ্ধারকাজ চলছে। এছাড়া তিমুরে এলাকা থেকে নিখোঁজ ২১ জন ভারতীয় পর্যটকসহ ৯৫ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। দুর্গত এলাকায় সড়ক, সেতু ও ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।