পশ্চিমবঙ্গের হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু নিয়ে চাঞ্চল্য

পশ্চিমবঙ্গের হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু নিয়ে চাঞ্চল্য

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের একটি হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের এই ঘটনাটি ঘটেছে আগস্টের দ্বিতীয় সপ্তাহে। জানা গিয়েছে, মৃত শিশুদের মধ্যে আটজনকেই অন্য হাসপাতাল বা বেসরকারি নার্সিং হোম থেকে এখানে পাঠানো (রেফার) হয়েছিল। এই মৃত্যুর ঘটনায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর হাসপাতালের কাছে বিস্তারিত প্রতিবেদন তলব করেছে। প্রাথমিক ভাবে হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, গুরুতর অসুস্থ অবস্থায় শিশুগুলোকে মেডিকেল কলেজে আনা হয়েছিল এবং শ্বাসকষ্ট, জন্ডিস ও হৃদযন্ত্রের সমস্যার মতো জটিলতার কারণে তাদের মৃত্যু হয়েছে।

মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিনটেনডেন্ট প্রসেনজিৎ বর এই ঘটনা নিশ্চিত করে বলেন, মালদহ মেডিকেল কলেজে একদিনে দশটি শিশুর মৃত্যু হয়েছে। তবে তাদের মধ্যে মাত্র দুজন এই হাসপাতালেই জন্মগ্রহণ করেছিল। বাকিদের গুরুতর অসুস্থ অবস্থায় বাইরে থেকে এখানে রেফার করা হয়েছিল। মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বেগের মধ্যেই স্বাস্থ্য দপ্তর দ্রুত পদক্ষেপ নিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি এবং মেডিকেল কলেজে আনার সময় শিশুগুলোর শারীরিক অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।