২০০১ সালে যুক্তরাষ্ট্রে ভয়াবহ নাইন-ইলেভেন (৯/১১) সন্ত্রাসী হামলার ‘মূল হোতা’ হিসেবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদ ও তার তিন সহযোগী। ফের তাদের বিচারের তারিখ নির্ধারণ করেছেন এক মার্কিন সামরিক বিচারক। আগামী ২০২৮ সালের ৫ জুন এই বিচারকাজ শুরু হবে। প্রসিকিউটররা ২০২৭ সালের জানুয়ারিতে বিচার শুরুর আবেদন জানালেও বিচারপূর্ব বিভিন্ন আইনি জটিলতা ও সাক্ষ্যপ্রমাণ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য আরও ১৮ মাস সময় বাড়িয়েছেন বিচারক। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি (অ্যাসোসিয়েটেড প্রেস)।
সামরিক বিচারক বিমানবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মাইকেল এ. শ্রামা এক রুলে এই তারিখ নির্ধারণ করেন। তবে আইনি প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হওয়ার ওপরই এই বিচারকাজ নির্ভর করছে। এর আগে ২০২১ সালেও একবার বিচারের তারিখ নির্ধারণ করে পরে তা বাতিল করা হয়েছিল। ছিনতাই করা বিমান দিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে আঘাত হানার মূল পরিকল্পনা ও নির্দেশনার অভিযোগ রয়েছে খালিদ শেখ মোহাম্মদের বিরুদ্ধে। তার অন্য তিন সহযোগী হলেন ওয়ালিদ বিন আত্তাশ, আলী আবদুল আজিজ আলী ও মুস্তফা আল-হাওসাওয়ি। তারা বর্তমানে কিউবার গুয়ান্তানামো বে মার্কিন সামরিক ঘাঁটিতে বন্দি রয়েছেন।
উল্লেখ্য, মৃত্যুদণ্ড এড়াতে দোষ স্বীকার করে যাবজ্জীবন কারাদণ্ড ভোগের একটি চুক্তিতে উপনীত হয়েছিলেন আসামিরা। কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চুক্তিটি বাতিল করে দেয় এবং একটি ফেডারেল আপিল আদালতও তা খারিজ করে দেন।
