দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএএফএ)। সংগঠনটির চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বলেছেন, দেশে বাফার মজুতের পাশাপাশি পাইপলাইনেও পর্যাপ্ত সার রয়েছে। কোথাও সরবরাহে ঘাটতি দেখা দিলে ২৪ ঘণ্টার মধ্যে সার সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা রয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিএএফএ চেয়ারম্যান আরও বলেন, কোথাও কোথাও সার পাওয়া যাচ্ছে না, এমন তথ্য দিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে। বাস্তবে দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং নতুন করে বিপুল পরিমাণ সার আমদানি অব্যাহত আছে। ফলে কৃষকের প্রয়োজনীয় সার নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।
এতে উল্লেখ করা হয়, মাঠপর্যায়ে কিছু এলাকায় বিশেষ করে টিএসপি সার নিয়ে কৃষকদের ভোগান্তির খবর পাওয়া যাচ্ছে। ১৩ই আগস্ট রংপুর অঞ্চলে টিএসপি সার নিয়ে সংকটের কথা জানিয়েছিল ইউএনবি। ২১শে আগস্ট কিশোরগঞ্জে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ইউরিয়া, ডিএপি ও টিএসপি বিক্রির অভিযোগও ওঠে। জেলা কৃষি কর্মকর্তারা অবশ্য পর্যাপ্ত মজুত থাকার কথা জানিয়েছেন।
মোশারফ হোসেন বলেন, দেশের কোনো ইউনিয়ন, থানা বা জেলায় সারের ঘাটতি দেখা দিলে ডিলার, খুচরা ডিলার ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ডিলারদের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা রয়েছে। স্থানীয় পর্যায়ে সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা প্রশাসক ও কৃষি বিভাগের কর্মকর্তারা কাজ করছেন।
