গত কয়েক মাসে দেশের বিভিন্ন স্থানে কনসার্ট বন্ধের ঘটনা ঘটেছে। কাছাকাছি সময়ে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ও গানের অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় অনেক শিল্পী ও মিউজিশিয়ান ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে সরকারি পদক্ষেপের কথাও জানিয়েছেন কেউ কেউ। এবার আসিফ আকবর সরকারের কাছে প্রশ্ন রাখলেন, দেশে কনসার্ট হবে কি হবে না? সম্প্রতি বিএফডিসিতে একটি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসিফ। সেখানে তিনি জানান, তিনি ফেসবুক পেজ ও প্রোফাইল বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, ফেসবুক ছিল সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু এটা এখন মূলত বিভ্রান্তি ছড়ানোর মাধ্যম হয়ে উঠেছে।
যে যেভাবে পারছেন নিজের মতো করে তথ্য ছড়াচ্ছে। এসব থেকে দূরে থাকতেই ফেসবুক ডি-অ্যাক্টিভেট করেছি। এ কথার জের ধরেই আসিফ কনসার্টের বিষয়টি আলোচনায় নিয়ে আসেন। আসিফ বলেন, সেদিন কিশোরগঞ্জে কনসার্ট বন্ধ হলো। এরপর ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে গানের অনুষ্ঠান বন্ধ হলো। এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। এর সমাধান করতে হবে। তিনি বলেন, সরকারকে ইমিডিয়েট বলতে হবে, বাংলাদেশে গান বাজনা হবে কি হবে না। বাংলাদেশ সংবিধান আসলে কি বলে। যদি সংবিধানে নিষিদ্ধ হয় তবে আমরা চলে যাই বিদেশ। আমাদের অনেক শিল্পীরাই চলে গেছে। বলে দিলে বাকিরাও চলে যাবে। কিন্তু আমি কথা বন্ধ রাখবো না। বলেই যাবো।
