দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপার সংগীত পরিবেশনা, দেশ-বিদেশের শিল্পীদের অংশগ্রহণ এবং ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতির মধ্যদিয়ে প্যারিসে অনুষ্ঠিত ‘মৌলভীবাজার জেলা উৎসব-২০২৬’ সফলভাবে শেষ হয়েছে। সোমবার প্যারিসের জুরিস পার্কে অনুষ্ঠিত এ উৎসবে মৌলভীবাজারসহ বাংলাদেশের বিভিন্ন জেলার প্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে অংশ নেন। গান, সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা, সম্মাননা ও পুরস্কার বিতরণে উৎসবস্থল পরিণত হয় প্রাণবন্ত এক মিলনমেলায়। এ উৎসবের প্রধান আকর্ষণ ছিলেন কনকচাঁপা। তার গান শুনতে জুরিস পার্কে জড়ো হন বিপুলসংখ্যক দর্শক। দীর্ঘ প্রতীক্ষার পর মঞ্চে উঠে একের পর এক জনপ্রিয় গান মুগ্ধতা ছড়ান তিনি। কনকচাঁপার কণ্ঠে ‘অনেক সাধনার পরে’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘সাগরিকা’ ও ‘প্রেমের তাজমহল’-এর মতো জনপ্রিয় গান দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। দর্শকরা গানের সঙ্গে কণ্ঠ মেলান।
বাংলাদেশ থেকে কনকচাঁপার পাশাপাশি শিল্পী শারমিন দীপু সংগীত পরিবেশন করেন। লন্ডন থেকে আসা ওয়াহিদের পরিবেশনায় ছিল আঞ্চলিক ও সিলেটি গান। পাশাপাশি র্যাপসহ বিভিন্ন ধরনের পরিবেশনা ও গানের সঙ্গে নানা অ্যাক্টিভিটির মাধ্যমে দর্শকদের বিনোদন দেন তিনি। লন্ডন থেকে জঊউ এবং ইতালি থেকে মানসিবও অনুষ্ঠানে অংশ নেন। খেলাধুলা দিয়ে শুরু উৎসবের শুরুতেই বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী প্রবাসীরা এসব প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। আয়োজকদের মতে, সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে পরিবার ও নতুন প্রজন্মকে উৎসবের সঙ্গে সম্পৃক্ত করাই ছিল এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানের শুরুতে মৌলভীবাজারের সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তি ও গণ্যমান্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন আবদুল্লাহ আল তাইফ।
