জায়না ইজি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে পারিবারিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’। মো. আক্তার হোসেন পরিচালিত এই ওয়েব ফিল্মটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন চিকিৎসক ও গবেষক ডা. তৃণা ইসলাম। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ছবির বিস্তারিত তুলে ধরা হয়। সেখান থেকে জানা গেছে, আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘শব্দহীন যন্ত্রণা’ শুধু একটি পারিবারিক গল্প নয়, বরং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবারে সচেতনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে।
কৈশোরের আবেগ, অজ্ঞতা ও অপরিপক্বতার একটি ঘটনা কীভাবে একজন কিশোরীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পরিবার এবং ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করতে পারে- সেই বাস্তবতাই উঠে এসেছে গল্পে। ওয়েব ফিল্মটির কাহিনীতে কিশোরী মায়ার গর্ভাবস্থাকে কেন্দ্র করে কিশোর বয়সে গর্ভধারণের শারীরিক ও মানসিক ঝুঁকি, সময়মতো চিকিৎসাসেবা ও কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা এবং অভিভাবকের দায়িত্ব তুলে ধরা হয়েছে। পাশাপাশি বয়সোপযোগী প্রজনন স্বাস্থ্যশিক্ষার প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। ‘শব্দহীন যন্ত্রণা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আমান রেজা, তৃণা ইসলাম, তাহসান বিন রফিক, মৌরি, রেবেকা রউফ, ফারজানা ছবি, বড়দা মিঠু, আজম খান, শশী আফরোজা ও লালশি।
