দীর্ঘ বিরতির পর আবারো টেনিস কোর্টে ফিরছেন রজার ফেদেরার। আগামীকাল সকালে নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে একটি প্রদর্শনী ম্যাচ খেলবেন টেনিসের এই কিংবদন্তি। ইউএস ওপেনের মূল ড্র হওয়ার আগে এই বিশেষ ইভেন্টের মধ্যদিয়ে নিউ ইয়র্কের দর্শকদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নেয়ার সুযোগ পাচ্ছেন ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই সুইস তারকা।
২০১৯ সালের ইউএস ওপেন ছিল ফেদেরারের ক্যারিয়ারের শেষ নিউ ইয়র্ক অভিযান। কোয়ার্টার ফাইনালে গ্রিগর দিমিত্রভের কাছে হেরে বিদায় নেন এই সুইস তারকা। তখন অনেকেই আশা করেছিলেন, ভবিষ্যতে আবার ইউএস ওপেনে ফিরবেন ফেদেরার। কিন্তু ২০২০ সালে হাঁটুর চোটের কারণে টুর্নামেন্টে খেলতে পারেননি তিনি। ২০২১ সালের উইম্বলডন হয়ে ওঠে এই তারকার শেষ গ্র্যান্ড সøাম। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দেন ফেদেরার। ফলে ইউএস ওপেনে নিজের অসাধারণ ক্যারিয়ারের জন্য নিউ ইয়র্কের দর্শকদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় জানানোর সুযোগ আর হয়নি তার।
এবার সেই অপূর্ণতা পূরণ করতেই ফিরছেন ৪৪ বছর বয়সী ফেদেরার। এ নিয়ে সুইস তারকা বলেন, ‘এটা আমাকে সত্যিকারের সুযোগ দিচ্ছে ধন্যবাদ ও বিদায় জানানোর। আমার মনে হয়, কারও কারও জন্য এটা গুরুত্বপূর্ণ। আমার জন্যও গুরুত্বপূর্ণ এবং এটা সুন্দর একটা ব্যাপার।’ ইউএস ওপেনে ফেদেরারের রেকর্ডও অসাধারণ। ওপেন যুগে টানা পাঁচবার পুরুষ এককের শিরোপা জেতার রেকর্ড রয়েছে তার, যা এখনো কোনো পুরুষ খেলোয়াড় ভাঙতে পারেননি। তবে দীর্ঘ বিরতির পর আবার কোর্টে নামা নিয়ে কিছুটা নার্ভাসও ফেদেরার। ২০২১ সালের উইম্বলডনে হুবার্ট হুরকাচের বিপক্ষে ম্যাচের পর আর কোনো পূর্ণাঙ্গ সিঙ্গেলস সেট খেলেননি তিনি। ফেদেরার বলেন, ‘সত্যি বলতে, এটা কিছুটা নার্ভাস করার মতো। আমি জানি না, হয়তো পাঁচ বছর হয়ে গেছে কোনো সিঙ্গেলস সেট খেলিনি। আগামীকাল কীভাবে যাবে, সেটা জানি না। অনেক অনিশ্চয়তা আছে, কিন্তু একইসঙ্গে ফিরতে পারার জন্য অনেক আনন্দও আছে।’ প্রদর্শনীতে প্রথমে অ্যান্ডি রডিকের বিপক্ষে একটি সিঙ্গেলস সেট খেলবেন ফেদেরার। এরপর জন ম্যাকএনরোর সঙ্গে জুটি বেঁধে রডিক ও আন্দ্রে আগাসির বিপক্ষে ডাবলস ম্যাচেও অংশ নেবেন তিনি।
নিউ ইয়র্কে ফেদেরারের ফেরার পাশাপাশি সেরেনা উইলিয়ামসের প্রত্যাবর্তনও এবারের ইউএস ওপেলের অন্যতম বড় আকর্ষণ। ৪৪ বছর বয়সী সেরেনা কার্লোস আলকারাজের সঙ্গে মিক্সড ডাবলসে অংশ নিচ্ছেন। ফেদেরারকে প্রশ্ন করা হয়েছিল, সেরেনার মতো তিনিও কি আবার প্রতিযোগিতামূলক টেনিসে ফেরার কথা ভাবছেন? জবাবে একেবারেই সম্ভাবনা উড়িয়ে দেন সুইস কিংবদন্তি, ‘না, একদমই না। আমাকে জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ। আমি নিশ্চিত ছিলাম না প্রশ্নটা আসবে কিনা। তবে এখন ভালো হলো, কারণ কেউ যদি ভেবে থাকে আমি ফিরতে পারি, সেটা পরিষ্কার করে দিতে পারছি।’ এবারের ইউএস ওপেনের পুরুষ ও নারী এককের মূল ড্র শুরু হবে রোববার। তার আগেই টেনিসপ্রেমীরা পেয়ে যাচ্ছেন এক বিশেষ মুহূর্তÑ কিংবদন্তি ফেদেরারের আর্থার অ্যাশ স্টেডিয়ামে শেষবারের মতো খেলোয়াড় হিসেবে ফিরে আসা।
