ইস্টার্ন ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন মার্কিন ডলার পাচার ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত রুলও জারি করেছেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এএইচএম রেজওয়ানুল সাঈদ।
আদেশের পর সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী বলেন, ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন মার্কিন ডলার মানি লন্ডারিং ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চেয়ে রিটটি করা হয়।
তিনি বলেন, এ অভিযোগের প্রেক্ষাপট বিগত সরকারের সময়ের। ওই সময়ের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) তদন্ত করছিল। তদন্তের সময় এনসিএ যুক্তরাজ্যের একটি ব্যাংক হিসাবে শওকত আলী চৌধুরীর ২৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি অঘোষিত তহবিলের সন্ধান পায়।
পরবর্তীতে বিষয়টি যুক্তরাজ্যের এনসিএ বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) অবহিত করে। একই সঙ্গে এনসিএ জানায়, তারা চার সপ্তাহ ওই অর্থ যুক্তরাজ্যে আটকে রাখবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হলে অর্থটি দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
তবে পরবর্তী সময়ে বিএফআইইউ থেকে এনসিএর সঙ্গে এ বিষয়ে কোনো যোগাযোগ করা হয়নি এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন সানজিদ সিদ্দিকী।
তার ভাষ্য, এর পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের এনসিএ ২৫ মিলিয়ন ডলার ছেড়ে দেয়। পরে শওকত আলী চৌধুরী ওই অর্থ দুবাইয়ে তাঁর একটি হিসাবে স্থানান্তর করেন। এ বিষয়ে বিএফআইইউ অবগত ছিল এবং পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) বিষয়টি জানতে পারে বলে তিনি জানান।
সানজিদ সিদ্দিকী আরও বলেন, ২৫ মিলিয়ন ডলার কর রিটার্নে ঘোষণা না করায় এনবিআর বিষয়টি নিয়ে অ্যাসেসমেন্ট করে শওকত আলী চৌধুরীর ওপর জরিমানা ও পেনাল্টি আরোপ করে।
তিনি জানান, এসব অভিযোগ অনুসন্ধানের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী এএইচএম রেজওয়ানুল সাঈদ দুদক ও বিএফআইইউতে পৃথক আবেদন করেছিলেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পরে হাইকোর্টে রিট করা হয়।
শুনানি শেষে হাইকোর্ট দুদকে করা আবেদনটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
দুদককে ৩০ দিনের মধ্যে অনুসন্ধান নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
২৫ আগস্ট (মঙ্গলবার), ২০২৬, ২ঃ৪৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
