অজ্ঞাত উৎস থেকে বৃটিশ ড্রোন কারখানাগুলোয় শিগগিরই হামলা

রুশ উপদেষ্টার হুঁশিয়ার বার্তা

অজ্ঞাত উৎস থেকে বৃটিশ ড্রোন কারখানাগুলোয় শিগগিরই হামলা

ফন্ট সাইজ:

ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা বৃটিশ কারখানাগুলোতে ‘অজ্ঞাত কোনো পক্ষের’ মাধ্যমে হামলা হতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার এক উপদেষ্টা। ইউক্রেনকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের নকশা সরবরাহে বৃটেনের সিদ্ধান্তের পরই এমন হুঁশিয়ারি এলো।

রাশিয়ার সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদোরভ বলেছেন, বৃটেনের বিরুদ্ধে ‘আধা-সামরিক’ ধরনের কোনো অভিযান হতে পারে, এমন সম্ভাবনা তিনি শতভাগ উড়িয়ে দিতে পারছেন না।

ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে বৃটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম যাওয়ার সময় তিনি বিবিসির নিউজসাইটকে এ কথা বলেছেন। ক্ষমতা নেয়ার পর এটিই ছিল বৃটিশ প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।

কিয়েভ সফরে বৃটেন ইউক্রেনের প্রতি তাদের ‘অটল’ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। অন্যদিকে ইউক্রেন বৃটেনকে যুদ্ধক্ষেত্রের বিপুল পরিমাণ তথ্য দেয়ার প্রস্তাব দিয়েছে, যা দেশটির কর্মকর্তারা বৃটিশ নিরাপত্তা জোরদারের জন্য একটি ‘সোনার খনি’ হিসেবে বর্ণনা করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বার্নহ্যাম আশ্বস্ত করেন, ইউক্রেনের প্রতি বৃটেনের দৃঢ় সমর্থনে ‘কোনো পরিবর্তন হবে না।’
‘শুধু কথার প্রতিক্রিয়া নয়, দৃশ্যমান কিছু ঘটতে পারে’

ফেদোরভ বলেন, একসময় বৃটেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে শুধু মৌখিক নয়, হয়তো দৃশ্যমান কোনো প্রতিক্রিয়াও দেখা যেতে পারে।

এনিয়ে ব্যাখ্যা চাইলে তিনি বলেন, এর মধ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ থাকতে পারে। যেমন- ‘প্রযুক্তিগত প্রতিক্রিয়া’, অজ্ঞাত উৎস থেকে কোনো সাইবার হামলা, এমনকি রাজনৈতিক পদক্ষেপও হতে পারে।

তিনি আরও বলেন, আমি শতভাগ উড়িয়ে দিতে পারি না যে আধা-সামরিক ধরনের কোনো কিছু ঘটতে পারে।

‘আধা-সামরিক’ বলতে কী বোঝাচ্ছেন- এমন প্রশ্নের জবাবে ফেদোরভ বলেন, উদাহরণস্বরূপ, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করছে এমন প্রতিষ্ঠান বা কারখানায় কিছু ঘটতে পারে।

তাকে প্রশ্ন করা হয়, এর অর্থ কি বৃটেনের মাটিতে বৃটিশ কারখানাগুলোতে রাশিয়া সামরিক হামলা চালাতে পারে?

জবাবে তিনি বলেন, তাদের ওপর হামলা হতে পারে, রাশিয়ার পক্ষ থেকে নয়, বরং... অজ্ঞাত কোনো উৎস থেকে।

এদিকে ইউক্রেনকে বৃটিশ তৈরি উপাদান ব্যবহার করা স্ক্যাল্প ক্ষেপণাস্ত্রের নকশা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে বৃটেন। স্ক্যাল্প হলো ফ্রান্সে তৈরি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র, যা বৃটিশ স্টর্ম শ্যাডোর ফরাসি সংস্করণ এবং রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইতোমধ্যে ব্যবহার করা হয়েছে।

ইতিমধ্যে লন্ডনের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই সিদ্ধান্ত সংঘাতে ‘আগুনে আরও ঘি ঢালবে।’