ইরান দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি বিরল ও তারিখবিহীন ভিডিও প্রকাশ করেছে। এতে তাকে একটি ধর্মীয় একাডেমিক পাঠচক্রের অধিবেশনে সভাপতিত্ব করতে দেখা গেছে।
ভিডিওটি থেকে ধারণা করা হচ্ছে, এই প্রথম প্রকাশ্যে তার কণ্ঠ শোনা গেলো। ভিডিওতে ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে একজন শিক্ষার্থীর গবেষণাপত্রের উপস্থাপনা শুনতে এবং পরে ওই কাজের মূল্যায়ন করতে দেখা যায়।
ইরানের বার্তা সংস্থা ফার্স ভিডিওটি প্রকাশ করেছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মোজতবা ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। ওই হত্যাকাণ্ডের পরই চলমান যুদ্ধের সূত্রপাত হয়।
তবে মোজতবার নিয়োগের আগে ও পরে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, একই হামলায় তিনি আহত হয়েছেন এবং তার চেহারায় গুরুতর পরিবর্তন এসেছে। তিনি চিকিৎসা নিচ্ছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
হামলার পর থেকে কিংবা সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেয়ার পর মোজতবা এখন পর্যন্ত প্রকাশ্যে আসেননি। এমনকি গত মাসে তার বাবার জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানেও তাকে প্রকাশ্যে দেখা যায়নি।
তার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ার পর ইরান বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। তবে এসব ভিডিওর কোনোটিরই সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, হামলার ঝুঁকি কমাতে মোজতবা ইসলামি প্রজাতন্ত্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ধীরগতির একটি মধ্যস্থতাকারী নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ রাখছেন।
