সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের জানীগাঁও এলাকায় যাত্রীবাহী বাস উল্টে শিউলি রাণী (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিউলি রাণীর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জগামী সানজিদ এন্ড সামাইরা পরিবহন-এর গেইটলক বাসটি জানীগাঁও এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের ওপর উল্টে যায়। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হন এবং ঘটনাস্থলে এক নারী নিহত হন।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ বলেন, ‘সিলেট থেকে সুনামগঞ্জ আসার পথে জানীগাঁও এলাকায় গেইটলক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় বাসের দরজা-জানালা কেটে ২০ জন জীবিত যাত্রী ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।’
