হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতেই তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৪৯ জনের শরীরে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৮৩ শিশু। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৩৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৮ জনে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত ৮৩ জনসহ ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৪৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৪৯ জনের মধ্যে। এ নিয়ে ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৬৫২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬৬৪ শিশু। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২৬ হাজার ৯২১ শিশু।
