ম্যাচের মাঝখানে লেজার শো, কড়া সমালোচনা গাভাস্কার-শাস্ত্রির

ম্যাচের মাঝখানে লেজার শো, কড়া সমালোচনা গাভাস্কার-শাস্ত্রির

ফন্ট সাইজ:

ভারত-ওয়েস্ট ইন্ডিজের সুপার এইটের ম্যাচে পানি বিরতির সময় হঠাৎ ইডেন গার্ডেনসের ফ্লাডলাইটের আলো নিভে যায়। সঙ্গে সঙ্গে শুরু হয় লেজার শো। বিশ্বকাপের এমন গুরুত্বপূর্ণ একটি ম্যাচে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে কড়া সমালোচনা করেন ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার ও রবি শাস্ত্রি।

ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৯৫ রান তাড়ায় তখন দুই উইকেট হারিয়ে ৫৩ রান ভারতের খাতায়। পাওয়ার প্লে শেষ হতেই পানি বিরতির সময় ঘটনাটি ঘটে। নানা রঙের আলোর ঝলকানির মধ্যে মুঠোফোনের লাইট জ্বালিয়ে গ্যালারি আলোকিত করেন দর্শকরাও। ম্যাচ চলাকালীন হুট করে এভাবে আলো নিভিয়ে দেয়ায় বিরক্তি প্রকাশ করে ধারাভাষ্যে থাকা গাভাস্কার বলেন,‘পানি পানের বিরতির সময়ে আড়াই বা তিন মিনিটের ওই লেজার শো শুধু ব্যাটারের জন্য না, কারও জন্যই ভালো ছিল না। চারপাশের সবকিছু অন্ধকার হয়ে যাওয়ার পর উজ্জ্বল আলোর সঙ্গে চোখের মানিয়ে নেয়া সহজ নয়। লেজার শো চলছে! এটি বিশ্বকাপ। আড়াই মিনিটের জন্য এ ধরনের বিনোদনের প্রয়োজন আছে কি?’ একই সুর ভারতের সাবেক কোচ শাস্ত্রির গলাতেও। তিনি বলেন, ‘ক্রিকেটারদের দিক থেকে চিন্তা করলে, (স্বল্প আলো থেকে) উজ্জ্বল আলোর সঙ্গে মানিয়ে নেয়া সহজ নয়। এটা গুরুতর বিষয়।’

যদিও সেই লেজার শো ক্রিজে থাকা সঞ্জু স্যামসন সূর্যকুমার যাদবকে সমস্যায় ফেলেনি। তাদের ৫৮ রানের জুটি ভাঙে একাদশ ওভারে গিয়ে।

সুরিয়াকুমার ফিরে গেলেও দলকে জিতিয়ে ফেরেন স্যামসন। ৫ উইকেটের জয়ের দিন দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫০ বলে ৯৭ রানের ইনিংস খেলেন তিনি।

প্রথম সেমিফাইনালে এই ইডেন গার্ডেনসেই আগামী ৪ঠা মার্চ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। পরদিন মুম্বাইয়ে দ্বিতীয় সেমিতে একে অপরের বিরুদ্ধে লড়বে ভারত ও ইংল্যান্ড।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন