সাংবাদিকদের জন্য হেলথ কার্ড চালুর উদ্যোগ নেয়া হয়েছে: এম আবদুল্লাহ

সাংবাদিকদের জন্য হেলথ কার্ড চালুর উদ্যোগ নেয়া হয়েছে: এম আবদুল্লাহ

ফন্ট সাইজ:

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ বলেছেন, সাংবাদিকদের অন্যতম বড় সমস্যা চিকিৎসা ব্যয়। বর্তমানে জটিল রোগে আক্রান্তদের সহায়তা দেয়া হয়। তবেও তা নিয়মিত বা কাঠামোবদ্ধ নয়। ফলে একবার সহায়তা পাওয়ার পর দীর্ঘ সময় পর্যন্ত পুনরায় সহযোগিতার সুযোগ সীমিত হয়ে পড়ে। এ বাস্তবতা বিবেচনায় সাংবাদিকদের জন্য একটি স্থায়ী স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে বোর্ড সভায় সাংবাদিকদের জন্য ‘হেলথ কার্ড’ চালুর নীতিগত অনুমোদন মিলেছে। প্রথমে একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির মাধ্যমে সাংবাদিকদের নিবন্ধন করা হবে। এরপর নিবন্ধনের ভিত্তিতে হেলথ কার্ড প্রদান করা হবে। ওই কার্ডের আওতায় ট্রাস্টের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা দেয়া হবে।
শনিবার সকালে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ট্রাস্টের সহযোগিতায় ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ব্যবস্থাপনায় খুলনা-সাতক্ষীরা অঞ্চলের সাংবাদিকদের আর্থিক সহায়তা ও মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এম আবদুল্লাহ জানান, প্রাথমিকভাবে ঢাকায় এ কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা শহরে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সাংবাদিকদের দলীয় লেজুড়বৃত্তি পরিহার করে প্রকৃত সাংবাদিকতায় মনোযোগী হতে হবে। সাংবাদিকদের মানোন্নয়নে ফেলোশিপ চালুরও পরিকল্পনা রয়েছে ট্রাস্টের। এ লক্ষ্যে প্রয়োজনীয় ডাটাবেজ তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান আরিফ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন এবং খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। বক্তব্য রাখেন ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী, কে এম জিয়াউস সাদাত, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, সিনিয়র সদস্য মুনীর উদ্দিন আহমেদ, আহমদ মুসা রঞ্জু প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন