অস্ট্রেলিয়ার মাটিতে উড়ন্ত নৈপুণ্য ধরে রেখেছে বাংলাদেশ ক্রিকেট। জাতীয় দলের ঐতিহাসিক টেস্ট জয়ের সুবাস ছড়িয়ে রয়েছে ডারউইনের বাতাসে। তারই ধারাবাহিকতায় এবার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে আরেকবার দারুণ পারফর্মেন্স উপহার দিলো বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। সোমবার ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন একাডেমির বিপক্ষে ৫ উইকেটে জয় পায় তারা। টুর্নামেন্টে এটি বাংলাদেশ এইচপির টাটা তৃতীয় জয়। এতে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে এসেছে বাংলাদেশ এইচপি।
মারারা ক্রিকেট গ্রাউন্ড-২ এ টস হেরে প্রথমে বোলিংয়ে নামে বাংলাদেশ। স্পিন ভেলকিতে ভিক্টোরিয়াকে মাত্র ১৩১ রানে গুটিয়ে দেন বোলাররা। দ্যুতি ছড়ান স্পিনার মোহাম্মদ রুবেল। মাত্র ১৫ রানে নেন ৪ উইকেট তুলে নেন তিনি, যার সবগুলোই বোল্ড! তার সঙ্গে বাঁহাতি স্পিনার রকিবুল হাসান ২৮ রানে নেন ৩ উইকেট। ভিক্টোরিয়ার হয়ে অধিনায়ক স্যাম হার্পার সর্বোচ্চ ৪৯ রান করেন।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বিপর্যয়ে পড়ে এইচপি দল। মাত্র ৩৭ রানে টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দল। ওপেনার হাবিবুর রহমান (০), আরিফুল ইসলাম (১৫), জিসান আলম (১১) ও সাব্বির রহমান (৫) দ্রুত সাজঘরে ফেরেন।
এমন সংকট মুহূর্তে ত্রাতা হয়ে আসেন অধিনায়ক ইরফান শুক্কুর ও শামীম হোসেন। পঞ্চম উইকেটের জুটিতে তাদের দুর্দান্ত ৮৩ রান ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ইরফান ৩২ বলে ৪৩ রান করে আউট হলেও শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন শামীম। ৩৩ বলে ৩ ছক্কায় অপরাজিত ৫১ রানের দারুণ এক ম্যাচ জেতানো ইনিংস খেলেন এই হার্ডহিটার ব্যাটার। শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে নিজের ফিফটি পূর্ণ করার পাশাপাশি দলের হ্যাটট্রিক জয় নিশ্চিত করেন তিনি।
৯ দলের এই টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে শতভাগ জয় রেখেছে বাংলাদেশ এইচপি। নিজেদের চতুর্থ ম্যাচে আজ অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির মুখোমুখি হবে তারা।
