পুঞ্জীভূত অমীমাংসিত দাবি আদায়ে ঢাকা ওয়াসা সিবিএ'র বিক্ষোভ, ৩ দিনের আল্টিমেটাম

পুঞ্জীভূত অমীমাংসিত দাবি আদায়ে ঢাকা ওয়াসা সিবিএ'র বিক্ষোভ, ৩ দিনের আল্টিমেটাম

ফন্ট সাইজ:

দীর্ঘদিনের পুঞ্জীভূত ও অমীমাংসিত দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ)। রোববার সকাল ১১টায় ঢাকা ওয়াসা প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ)-এর সভাপতি মো. আজিজুল আলম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং অর্থবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন শ্রমিক দল মহানগর উত্তর শাখার আহ্বায়ক কাজী শাহ্ আলম রাজা, সদস্য সচিব মো. কামরুল জামানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে স্বাগত বক্তব্য দেন ঢাকা ওয়াসা সিবিএ-এর সাধারণ সম্পাদক মনির হোসেন পাটোয়ারী।

সভাপতির বক্তব্যে মো. আজিজুল আলম খান বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবি অমীমাংসিত অবস্থায় রয়েছে। এসব পুঞ্জীভূত দাবি আগামী তিন কর্মদিবসের মধ্যে সমাধানের জন্য কর্তৃপক্ষকে সময়সীমা বেঁধে দেন তিনি।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি-দাওয়া সমাধান করা না হলে পরবর্তী সময়ে ঢাকা ওয়াসায় কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে এর দায়-দায়িত্ব কর্তৃপক্ষকেই বহন করতে হবে।

সমাবেশে শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ১২ দফা দাবি উপস্থাপন করা হয়। নেতারা দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

পরে উপস্থিত নেতাকর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন সিবিএ সভাপতি মো. আজিজুল আলম খান।