ভারতের কর্ণাটকে এক নারীর মৃত্যুর পর তার বাড়িতে ৩০ বস্তা টাকা মিলেছে। ভারতীয় সংবাদ এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বয়সজনিত অসুস্থতার কারণে ওই বৃদ্ধা রোববার (২৩ আগস্ট) মারা যান। তিনি পুরোটা জীবন ভিক্ষা করে পার করে দিয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, মন্দ্যার ৮৬ বছর বয়সী ওই বৃদ্ধাকে তার বাড়িতে গতকাল মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা যখন তার বাড়িতে প্রবেশ করে তখন তারা ১০টাকা, ২০ টাকা এবং ৫০ টাকার নোটভর্তি ৩০টির বেশি বস্তা খুঁজে পায়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, স্থানীয় ওই বৃদ্ধার টাকা গুনছেন।
খবরে বলা হয়েছে, হুর নামে ওই বৃদ্ধা তার বোনের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন। দুই বছর আগে হুরের বোন মারা যায়। তাদের দুইজনের কেউই বিয়ে করেননি।
এনডিটিভি বলছে, টাকা গোনার পর দেখা যায় ৩০টির বেশি বস্তায় মিলেছে ৮ লাখ ৪০ হাজার রুপি যা বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ৭৩ হাজারের বেশি টাকা।
পরবর্তীতে এসব টাকার ৬ লাখ হুরের এক ভাইকে দেয়া হয় এবং ২ লাখ ৪০ হাজার টাকা আরেক ভাইকে দেয়া হয়। হুরের দ্বিতীয় ভাই এই টাকা স্থানীয় এক মসজিদে দান করেন।
