ওড়িশা উপকূলে ডুবে যাওয়া সিঙ্গাপুরগামী কার্গো জাহাজের দুই নাবিক উদ্ধার, এখনও নিখোঁজ ২২

ফন্ট সাইজ:

ভারতের ওড়িশা উপকূল থেকে ২৪০ নটিমাইল দূরে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া সিঙ্গাপুরগামী কার্গো জাহাজের নাবিকদের খোঁজে ভারতীয় কোস্ট গার্ড ও‌ নৌবাহিনী জোরদার অনুসন্ধান চালাচ্ছে। জাহাজ ও বিমানের সাহায্য এই অনুসন্ধান চলছে। সমুদ্রের আশেপাশে থাকা বিভিন্ন বাণিজ্যিক জাহাজকেও নাবিকদের খোঁজে অনুসন্ধান চালানোর অনুরোধ জানানো হয়েছে। এখন পর্যন্ত ২ জন চীনের নাবিককে লাইফ র‍্যাফট থেকে উদ্ধার করা গেছে । বাকি ২২জন এখনো নিখোঁজ রয়েছেন। জাহাজটিতে ২৪ জন নাবিক ছিলেন। এর মধ্যে ২০ জন চীনের, ৩ জন মায়ানমারের এবং একজন বাংলাদেশি। ভারতের শিপিংয়ের মহাপরিচালক শ্যাম জগন্নাথন জানিয়েছেন, উদ্ধার হওয়া দুজনই চীনা নাগরিক। তিনি বলেন, ১২ ঘণ্টা পার হয়ে গেলে বেঁচে থাকার সম্ভাবনা দ্রুত কমে যায়।
ড়ারতীয় কোস্ট গার্ডের মুখপাত্র উনিয়াল জানিয়েছেন, বঙ্গোপসাগরে সমুদ্রের উত্তাল পরিস্থিতির কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে।

জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম 'মেরিনট্রাফিক'-এর তথ্য অনুযায়ী, পানামার পতাকাবাহী জাহাজটি ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এবং সিঙ্গাপুরের পথে ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, ওড়িশা থেকে আকরিক লোহা বোঝাই করে জাহাজটি ২০ আগস্ট সিঙ্গাপুরের দিকে রওনা হয়েছিল। ২২ আগস্ট সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয় পুরমের 'মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার' (সামুদ্রিক উদ্ধার সমন্বয় কেন্দ্র) জাহাজটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায়। জাহাজটি পরিচালনাকারী প্রতিষ্ঠান 'ভিক্টরি স্টার গ্রুপ কোং লিমিটেড'-এর পক্ষ থেকে এই সতর্কবার্তা এবং সেই সাথে অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার অনুরোধ জানানো হয়।

জাহাজটি ডুবে যাওয়ার পর ভারতীয় কোস্ট গার্ড ও ভারতীয় নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।