ভারী বৃষ্টি ও বজ্রঝড়ে সোমবার দিল্লিতে বিমান চলাচল ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বিমানবন্দরের আগমন ও বহির্গমন উভয় ফ্লাইটে। একই সঙ্গে বিভিন্ন সংযুক্ত রুটেও দেখা দিয়েছে বিলম্ব। বিমান সংস্থাগুলো যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, আবহাওয়ার কারণে একটি ফ্লাইটে বিলম্ব হলে পরবর্তী সংযোগকারী ফ্লাইটগুলোর সময়সূচিও প্রভাবিত হতে পারে। তাই বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে যাত্রীদের নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করতে বলা হয়েছে।
এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে এ পর্যন্ত দিল্লি বিমানবন্দর থেকে মোট ১৪টি ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া এক পরামর্শে জানিয়েছে, সোমবার দিল্লিতে বিরূপ আবহাওয়ার কারণে রাজধানী থেকে আসা-যাওয়া করা ফ্লাইটের কার্যক্রম প্রভাবিত হতে পারে। ইন্ডিগো জানিয়েছে, দিল্লির ওপর বিরাজমান খারাপ আবহাওয়ার কারণে তাদের ফ্লাইটের সময়সূচিতে প্রভাব পড়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিরাপদে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। স্পাইসজেট জানিয়েছে, দিল্লির খারাপ আবহাওয়ার কারণে সব ধরনের আগমন ও বহির্গমন ফ্লাইট এবং সেসবের পরবর্তী সংযোগকারী ফ্লাইটও প্রভাবিত হতে পারে। যাত্রীদের ফ্লাইটের অবস্থা যাচাই করার পরামর্শ দেয়া হয়েছে। আকাসা এয়ার জানিয়েছে, দিল্লির তীব্র আবহাওয়ার কারণে তাদের নেটওয়ার্কের বেশ কিছু ফ্লাইট প্রভাবিত হয়েছে।
এতে যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে ধৈর্য ও সহযোগিতা চেয়েছে সংস্থাটি। ভারতের আবহাওয়া অধিদপ্তর আইএমডি জানিয়েছে, দক্ষিণ-পূর্ব দিল্লি, পূর্ব দিল্লি, শাহদারা, মধ্য দিল্লি, উত্তর-পূর্ব দিল্লি, দক্ষিণ দিল্লি, নয়াদিল্লি, দক্ষিণ-পশ্চিম দিল্লি, পশ্চিম দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি ও উত্তর দিল্লির কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রঝড়, বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। মধ্য দিল্লি, দক্ষিণ দিল্লি, দক্ষিণ-পশ্চিম দিল্লি, পশ্চিম দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি ও উত্তর দিল্লির বিভিন্ন এলাকাতেও মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রঝড়, বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাসের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসদাতা ইন্ডিয়া মেট স্কাই জানিয়েছে, গাজিয়াবাদ, পূর্ব দিল্লি, নয়ডা, গুরুগ্রাম, দিল্লি ও দক্ষিণ দিল্লির বিভিন্ন অংশে বজ্রপাতসহ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।
কোথাও কোথাও ঘণ্টায় ২৫ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাসও বয়ে যেতে পারে। বৃষ্টির পর আবহাওয়া আবার গরম ও আর্দ্র হয়ে উঠতে পারে। আগামী দুই দিনও এ ধরনের বিচ্ছিন্ন বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পর দিল্লির বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যানজটের খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাসিন্দারা বিভিন্ন সড়কের পরিস্থিতির ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। গাজিয়াবাদে বৃষ্টির পর আবহাওয়া কিছুটা মনোরম হলেও যাতায়াতে ব্যাপক ভোগান্তি তৈরি হয়। বিভিন্ন সড়কে যান চলাচলের গতি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দিল্লির বিভিন্ন এলাকা থেকে নয়ডায় কর্মস্থলে যাওয়া অফিসগামী মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। ভারী বৃষ্টির কারণে প্রধান সড়কগুলোতে যান চলাচল ধীর হয়ে যায়। অনেক যাত্রী জানিয়েছেন, তাদের স্বাভাবিক যাতায়াতের সময় প্রায় দ্বিগুণ হয়ে গেছে। কারও কারও অফিসে পৌঁছাতে এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত সময় লেগেছে।
